শিবরাত্রির মেলায় যাওয়ার জন্য স্বামীর সঙ্গে ঝগড়া, অভিমানে গলায় ফাঁস গৃহবধূর

শিবরাত্রির মেলায় যেতে না দেওয়ায় অভিমানে মানিকচকের রাধুটোলা এলাকায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৯ মার্চ, ২০২৪) এই ঘটনা ঘটেছে। মৃত গৃহবধূর নাম পুষ্প মণ্ডল (২৪)।
পুষ্পর বাবার অভিযোগ, স্বামীর অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে তার মেয়ে। পুষ্পর বিয়ে হয়েছিল মালদা জেলার বামনগোলার পবিত্রডাঙা এলাকার যুবক দেবাশিস মণ্ডলের সাথে। তাদের দশ মাসের একটি কন্যা সন্তান আছে।
অভিযোগ অনুযায়ী, শিবরাত্রির দিন মেলায় যেতে চেয়েছিলেন পুষ্প। কিন্তু মেলায় যেতে রাজি ছিলেন না স্বামী দেবাশিস। এই নিয়ে পুষ্পকে মারধর করা হয়। মারধরের পর পুষ্প রাগে অভিমানে রবিবার বাপের বাড়ি চলে যান। সেখানেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পুষ্পর বাবা অভিযোগ করে বলেন, “শুধুমাত্র আমার জামাইয়ের অকথ্য অত্যাচারের জন্য আমার মেয়ে আত্মহত্যা করেছে। মেয়ের মৃত্যুর খবর জানানোর জন্য বারবার ফোন করলেও ফোনই ধরেনি জামাই।”
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মানিকচক থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়। জামাইয়ের বিরুদ্ধে আত্মহত্যার ষড়যন্ত্রের অভিযোগ করলেও এখনও পর্যন্ত মৃতার বাপের বাড়ি তরফ থেকে মানিকচক থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি।