“আগে মানুষের জীবন”-বেআইনি বহুতল নিয়ে কড়া বার্তা হাইকোর্টের

গত রবিবার গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনার পর বেআইনি নির্মাণ নিয়ে কড়া অবস্থান নিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহা বলেন, “বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোন মামলাই শুনব না। আগে মানুষের জীবন সুরক্ষিত হোক। তাই আদালত এই ধরনের মামলায় কোনও হস্তক্ষেপ করবে না।”

এদিন বিচারপতি সিনহার এজলাসে বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত তিনটি মামলার আবেদন করেছিলেন আইনজীবীরা। কিন্তু বিচারপতি এই তিনটি মামলা গ্রহণই করেননি।

বেআইনি নির্মাণ সংক্রান্ত তিনটি মামলা গ্রহণ না করে বিচারপতি অমৃতা পর্যবেক্ষণ করেন, “কোনও বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। আদালতের নির্দেশে ওই সব নির্মাণ ভাঙা হয়ে থাকলে এখন আবার শুনানি সম্ভব নয়। আগের নির্দেশই বহাল থাকবে।”

উল্লেখ্য, গত রবিবার রাতে গার্ডেনরিচ এলাকার একটি বহুতল ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন অনেকেই। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যার মধ্যে শিশুরাও আছে।