ক্লাস নেওয়ার সময় হাতে রাখা যাবেনা মোবাইল! ছুটিতেও কড়াকড়ি, বিচারপতির ভিজিটেই পদক্ষেপ

কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সারপ্রাইজ ভিজিটের পর শিক্ষা দফতর জোরালো পদক্ষেপ নিয়েছে। এবার থেকে স্কুলে ক্লাস চলাকালীন শিক্ষকদের ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা স্কুল পরিদর্শকের অফিস মারফত একাধিক স্কুলে ইতিমধ্যেই এই মর্মে নির্দেশ পাঠানো হয়েছে। পাশাপাশি ছুটির ক্ষেত্রেও এবার থেকে কড়াকড়ি করা হবে।
গত বৃহস্পতিবার জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে যাওয়ার পথে হঠাৎই গাড়ি থামিয়ে জেলার অন্যতম প্রাচীন বিদ্যালয় ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের ভেতরে ঢুকে যান বিচারপতি বসু।স্কুলের বাইরের নর্দমায় মিড ডে মিলের ভাত দেখতে পান তিনি।এরপর প্রধান শিক্ষকের ঘরে গিয়ে রেজিস্টার বুক দেখতে চান বিচারপতি।
তখন জানতে পারেন সেদিন বিদ্যালয়ের ৪৫ জন শিক্ষকের মধ্যে ১২ জন শিক্ষক অনুপস্থিত!
একদিনে এতজন শিক্ষক কেন আসেননি? এই বিষয়ে জানতে চেয়ে এক সপ্তাহের মধ্যে জেলা স্কুল পরিদর্শকের কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি বসু।
শিক্ষা দফতরের পদক্ষেপ:
বিচারপতির রিপোর্টের পর নড়েচড়ে বসে শিক্ষা দফতর।ইতিমধ্যেই একগুচ্ছ নয়া নির্দেশিকা জারি হয়েছে বিদ্যালয় গুলির জন্য।জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে সেই কড়াকড়ির কথা জানিয়ে একাধিক স্কুলের প্রধান শিক্ষকের কাছে চিঠি পৌঁছে গিয়েছে।
নতুন নির্দেশিকা:
এবার থেকে প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া কোনো শিক্ষক কোনোরকম ছুটি নিতে পারবেন না।ছুটি নিলেও কী কারণে ছুটি, সেই বিষয়েও যাবতীয় তথ্য ও কাগজপত্র জমা করতে হবে।পাশাপাশি স্কুলের রেজিস্টার খাতা আপ টু ডেট রাখার নির্দেশও জারি হয়েছে।
আশা করা হচ্ছে এই নতুন নির্দেশিকাগুলি স্কুলগুলিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং শিক্ষার মান উন্নত করতে সাহায্য করবে।