বিশেষ: কোন পথে যাচ্ছে রাশিয়ার রাজনীতি, জেনেনিন সর্বশেষ বিশ্লেষণ

রাশিয়ায় ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অনেকেরই বিশ্বাস এটা আগে থেকেই চূড়ান্ত যে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই জিতবেন এবং পঞ্চমবারের মতো দায়িত্ব নেবেন। তাহলে কেন ক্রেমলিন এত আয়োজন করে প্রেসিডেন্ট নির্বাচন করছে? আর এই নির্বাচন রাশিয়ার রাজনীতির ভবিষ্যতের ওপরই বা কেমন প্রভাব ফেলবে?
ভ্লাদিমির পুতিন সেই ২০০০ সাল থেকেই রাশিয়ার ক্ষমতায়। প্রথমে তার পূর্বসূরি বরিস ইয়েলতসিনের দ্বারা ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন, আর ২০০০ সালের মার্চে তিনি প্রথমবার নির্বাচনে জয়লাভ করেন।
২০০৮ থেকে ২০১২, এই সময়টায় তিনি তার ভূমিকা বদলে নেন, সে সময় তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেও ক্ষমতা পুরোপুরি নিজের কাছে রাখেন। সে সময়টায় রাশিয়ার সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট টানা দুবার ক্ষমতায় থাকতে পারতেন। এ কারণেই তিনি ভূমিকা বদলে আবারও নতুন করে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে যাত্রা শুরু করেন।
২০২০ সালে সংবিধানের সেই নিয়মেও পরিবর্তন আসে। এখন বহুল প্রচলিত বিশ্বাস হল প্রেসিডেন্ট পুতিন ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। তিনি পেছনে ফেলবেন কমিউনিস্ট নেতা জোসেফ স্ট্যালিন ও অষ্টাদশ শতকের সম্রাজ্ঞী ক্যাথরিন দ্য গ্রেটকে, যারা দুজনেই ৩০ বছরের বেশি ক্ষমতায় ছিলেন।
রাশিয়ার নির্বাচনে কখনোই তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকে না। এবার যেমন ভ্লাদিমির পুতিনের জন্য শুধু জয়টাই গুরুত্বপূর্ণ নয়, একই সঙ্গে ভোটার উপস্থিতি এবং তার প্রতি সমর্থন বাড়াটাও জরুরি। যেহেতু দেশটি এখন একটা পুরোপুরি যুদ্ধের মধ্যে আছে যার সুদূরপ্রসারী প্রভাব পড়তে যাচ্ছে রাশিয়া এবং বাকি বিশ্বের ওপরও।
রুশ গণমাধ্যম মেদুজার রিপোর্ট, ক্রেমলিন অন্তত ৭০ শতাংশ ভোটার উপস্থিতি আশা করছে, যার মধ্যে ৮০ শতাংশ ভোট পাবেন ভ্লাদিমির পুতিন। যা তার ২০১৮ সালে পাওয়া ৭৬.৭ শতাংশ টপকে যায়।
নির্বাচনে এক কোটির বেশি ভোটার রয়েছে। এর মধ্যে আছে ইউক্রেনের দখলকৃত এলাকা – ক্রিমিয়া ও দনবাস অঞ্চলের কিছু এলাকা, যা রাশিয়া ২০১৪ সাল থেকে অবৈধভাব দখল করে আছে, সেই সঙ্গে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে দখলে রাখা ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের কিছু অঞ্চলের অধিবাসীও।
যুদ্ধ এবং নির্বাচন
দেশের বাইরে থাকা আরো প্রায় ২০ লাখ রাশিয়ান এতে ভোট দিতে পারবেন, যার মধ্যে প্রতিবেশি কাজাখস্তানে আছে ১২ হাজার রুশ নাগরিক, যেখানে বাইকুনোর ভাড়া করে মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র স্থাপন করেছে রাশিয়া।
নির্বাচনি প্রচারণার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে ভ্লাদিমির পুতিনকে। শুরুর দিকে তিনি বিভিন্ন অঞ্চলে গিয়ে শিক্ষার্থী এবং শ্রমিকদের সঙ্গে দেখা করেন।
ইউক্রেনে অভিযানকে মস্কো বলছে ‘বিশেষ সামরিক অপারেশন’। সে বিষয়ে কোনো রকম কথা বলা এড়িয়ে গেছেন ভ্লাদিমির পুতিন।
কিন্তু এই যুদ্ধ এখন রাশিয়ার প্রতিদিনের জীবনের অংশ হয়ে উঠেছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, সীমিত বিদেশ ভ্রমণ, বিদেশি আমদানি পণ্য কমে আসা এবং ইউরোপ ও উত্তর আমেরিকা থেকে একরকম বিচ্ছিন্ন হয়ে পড়া। এই যুদ্ধ হাজারো রুশ সৈন্যর প্রাণ কেড়ে নিয়েছে। আরো লাখো রুশ নাগরিক, যাদের বেশিরভাগ তরুণ, শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের তারা গত ২৪ মাসে দেশ ছেড়েছে।
এসব কারনে নির্বাচনি প্রচারণায় যুদ্ধ ব্যাপারটা অনুপস্থিত থাকলেও মিডিয়ার কাছে এটি একটি প্রধান অনুসঙ্গ। সাধারণ রুশ নাগরিকদের এটি এড়ানোর কোনো সুযোগ নেই।
উচ্চ ভোটার উপস্থিতির হার ও প্রেসিডেন্টের প্রতি নিরুঙ্কুশ সমর্থন যুদ্ধসহ তার আসন্ন সবগুলো সিদ্ধান্তকেই আসলে বৈধতা দেবে।
পুতিন ছাড়াও কি প্রেসিডেন্ট প্রার্থী আছে?
ভ্লাদিমির পুতিন ছাড়া আরো তিনজন নিবন্ধিত প্রার্থী আছেন। তারা হলেন লিওনিদ স্লাটস্কি, তিনি একজন জাতীয়তাবাদী কনজারভেটিভ, কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতোনভ এবং ব্যবসায়ী ভ্লাদিস্লাভ দাভানকোভ, যিনি সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ‘নিউ পিপল’ থেকে নির্বাচনে এসেছেন। দুমা রাজ্য থেকে রাশিয়ার সংসদের নিম্নকক্ষে দলটির অল্প কিছু প্রতিনিধি আছে।
পুতিনের সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বি অ্যালেক্সেই নাভালনি এই ফেব্রুয়ারিতে কারাগারের কড়া নিরাপত্তার মধ্যে মারা যান।
সংবাদমাধ্যম বিবিসির স্টিভ রোজেনবার্গ নিকোলাই খারিতোনভকে জিজ্ঞেস করেন- তিনি কি মনে করেন সুযোগ পেলে তিনি ভ্লাদিমির পুতিনের চেয়ে আরো ভালো প্রেসিডেন্ট হবেন?
তখন এর উত্তরে এই প্রেসিডেন্ট প্রার্থী বলেন, এটা তিনি বলতে পারেন না, বরং ভোটাররাই এ ব্যাপারে ‘সিদ্ধান্ত নেবে’।
একইসঙ্গে খারিতোনভ ‘ভবিষ্যতে বামপন্থী রাজনীতির’ ডাক দিচ্ছেন। তিনি ২০২২ সাল থেকে পশ্চিমা নিষেধাজ্ঞায় আছেন।
লিওনিদ স্লাটস্কি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি অফ রাশিয়ার (এলডিপিআর) একজন এমপি। তিনি দলখকৃত ক্রিমিয়ায় রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন এবং ২০১৪ সাল থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় আছেন।
ভ্লাদিস্লাভ দাভানকোভ, একটি নতুন রাজনৈতিক দলের নতুন মুখ, গণমাধ্যমে তার উপস্থিতি সবচেয়ে কম।
একটি কসমেটিক্স কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা দাভানকোভ ২০২৩ সালে মস্কোর মেয়র নির্বাচনে মাত্র ৫ শতাংশ ভোট পান। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে তিনি ‘শান্তি ও আলোচনার’ পক্ষে থাকলেও, ইউক্রেনের অঞ্চল দখলের পক্ষে ভোট দেন, ফলে তিনি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়েছেন।
আদৌ কিছু বদলাবে?
রাশিয়ায় কোনো স্বতন্ত্র জরিপ নেই আর রাষ্ট্রীয় মিডিয়া থেকেই খবর পান বেশিরভাগ রুশ নাগরিক। বিশেষজ্ঞদের বিশ্বাস যে সরকারের দেখানো কর্মকাণ্ড নিয়ে রাশিয়ানরা যথেষ্ট সন্দিহান। কিন্তু এ নিয়ে তারা কথা বলতে ভয় পায়।
আলেক্সি নাভালনির বিধবা স্ত্রী ইউলিয়া, তার স্বদেশীদের এই ভোট বয়কট করার পাশাপাশি বিদেশি সরকারগুলোকে এই নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। দ্বিতীয় আহ্বানে সাড়া মেলার সম্ভাবনা কম থাকলেও, প্রথমটি সম্ভব।
স্বাধীন গণমাধ্যম মেদুজা পুতিন-প্রশাসনের ঘনিষ্ঠ এক সূত্রকে উদ্ধৃত করে বলেছে যে নির্বাচনে কম ভোটার উপস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।
এই নির্বাচনের সম্ভাব্য ফলাফল হলো ভ্লাদিমির পুতিনের জন্য অন্তত কাগজে কলমে একটি বিশ্বাসযোগ্য বিজয়।
সূত্র: বিবিসি