মুখে গর্জনই সার! ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন না নওশাদ সিদ্দিকী

লোকসভা নির্বাচন (Lok Sabha 2024) মুখে এসে ডায়মন্ড হারবার (Diamond Harbour) কেন্দ্রে তৃণমূলের (TMC) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে লড়াই থেকে পিছিয়ে এলেন আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। বামেদের (Left Front) সঙ্গে আলোচনার পর ওই কেন্দ্রটি সিপিএমের (CPM) জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)।
আট আসনে লড়বে আইএসএফ
বামেদের সঙ্গে আলোচনায় রাজ্যে আইএসএফ যে আটটি আসনে লড়াই করতে চায়, সেই তালিকায় নেই ডায়মন্ড হারবার। দলের বৈঠকের পর আইএসএফের কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিক জানিয়েছেন, প্রথমে ২০টি আসনে লড়াই করতে চাইলেও দফায় দফায় আলোচনার শেষে আটটি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। উত্তর ২৪ পরগনার বারাসত, বসিরহাট, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ও যাদবপুর আসনে প্রার্থী দেবে আইএসএফ।
নওশাদের ঘোষণা ও পিছিয়ে যাওয়া
একটা সময় পর্যন্ত মনে করা হয়েছিল ডায়মন্ড হারবারে বাম-কংগ্রেস-আইএসএফ জোট প্রার্থী হিসাবে লড়বেন নওশাদ সিদ্দিকি। ভাঙড়ের বিধায়ক নিজে সে কথা ঘোষণা করেছিলেন। রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ নিয়েছিলেন। কিন্তু বামেদের সঙ্গে জোট আলোচনার সময় আইএসএফ ডায়মন্ড হারবারের জন্য আবেদনও জানাল না। বরং তাঁরা দক্ষিণ ২৪ পরগনা থেকে মথুরাপুর এবং যাদবপুর আসনে লড়ার দাবি জানাল।
মুর্শিদাবাদ ও মালদহেও লড়বে আইএসএফ
ডায়মন্ড হারবার ছাড়া মোট ৮টি আসনের যে তালিকা আইএসএফের তরফে দেওয়া হয়েছে, তাতে মুর্শিদাবাদের একটি এবং মালদহের একটি আসনও আছে।
আসন বরাদ্দে একপেশে ঘোষণা
তাৎপর্যপূর্ণভাবে বামেদের সঙ্গে আসনরফার কথা আইএসএফ বললেও, তাঁরা যে আটটি কেন্দ্রে লড়তে চায়, সেই আট কেন্দ্রের নাম একপেশেভাবে ঘোষণা করে দিয়েছে।