হুতিদের থামাতে এবার ইরানের দ্বারস্থ আমেরিকা! গোপনে হলো বৈঠক

লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। তবে এর জেরে ইরান সমর্থিত এই গোষ্ঠীর অবস্থানগুলোতে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যদিও মার্কিন পাল্টা হামলা হুতিদের আক্রমণ বন্ধ করতে পারেনি। এই পরিস্থিতিতে হুতিদের হামলা বন্ধে তাদের ওপর চাপ প্রয়োগে তেহরানের সহায়তার জন্য ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপনে বৈঠক হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৩ মার্চ) সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলাকারী হুতি বিদ্রোহীদের লাগাম টেনে ধরতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

মার্কিন ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে জানানো হয়, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তা ওমানে ওই বৈঠকে মিলিত হয়েছিলেন। ওমানি কর্মকর্তারা বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওই আলোচনা ফলপ্রসূ হয়নি বলেই জানা গেছে। কারণ মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের পাল্টা হামলা সত্ত্বেও এডেন উপসাগরে চলাচলকৃত ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা অব্যাহত রয়েছে।

হুতিদের হামলা বন্ধে ইরান মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে নাকি হুতি বিদ্রোহীদের রাজি করাতে ব্যর্থ হয়েছে তা নিশ্চিত করতে পারেনি ফিন্যান্সিয়াল টাইমস।

গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে গত বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে এডেন উপসাগরে চলাচলকৃত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেই এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা।

এদিকে বৃহস্পতিবার (১৪ মার্চ) মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় চারটি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতি সেন্টকমের পক্ষ থেকে বলা হয়, এসব অস্ত্র দিয়েই বিভিন্ন বাণিজ্যিক জাহাজ ও মার্কিন জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা।

এর আগে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকা থেকে এডেন উপসাগরে একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর পাওয়া গেছে। তবে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে কোনো জাহাজে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।