নিশীথকে হারিয়ে তবেই মৎস মুখ! শপথ নিলেন রবীন্দ্রনাথ, ভোট দামামা এবার কোচবিহারে

নিশীথ প্রামাণিককে না হারিয়ে তিনি আমিষ খাবার খাবেন না। এমনই ‘পণ’ করলেন কোচবিহার জেলা তৃণমূল নেতা তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। বুধবার কোচবিহার পুরসভায় সাংবাদিকদের তিনি বলেন, ‘নিশীথ প্রামাণিক গত ৫ বছর কোচবিহার জেলার মানুষের উপর অত্যাচার করেছে। কোচবিহারের মানুষ গত ৫ বছরে মানুষ তাঁকে দেখেনি। তাই তাকে হারিয়েই মৎসমুখ করবো।
বিজেপির নেতাদের আক্রমণ করে রবীন্দ্রনাথ কটাক্ষ করে জানান, ওদের গোচনা খাওয়ার অভ্যাস আছে। গোচনার পাশাপাশি ওদের গোবরজল খাওয়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।
বিজেপির কোচবিহার জেলা সহ সভানেত্রী দীপা চক্রবর্তী বলেন, ‘উনি যদি আমাদের পণ করে থাকেন নিশীথকে না হারিয়ে মাছ খাবেন না, তাহলে ওঁকে সারাজীবন নিরামিষ খেয়ে থাকতে হবে।’
কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ভোটের সময় আমি নিরামিষ খাই। এতে শরীর সুস্থ থাকে। ভোটপ্রচার করতে সুবিধা হয়। তবে এবারে পণ করেছি নিশীথ প্রামাণিককে হারিয়েই মৎস মুখ করবো।