‘ভাই বাবুনের সঙ্গে সম্পর্ক শেষ’,-ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

লোকসভা নির্বাচনের টিকিট না পাওয়ায় চারপাশে গুঞ্জন ওঠে হয়তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর অভিমান করে বিজেপিতে যোগ দিতে পারেন মমতার ভাই। তবে আজ তিনি সব বিষয়েই খোলসা করে জানালেন সংবাদ মাধ্যমকে।

স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজনীতিতে অনেক কিছুই হয়। আশ্বাস তো বহুদিন আগেই দেওয়া হয়েছিল। ২০১৯ সালে দিয়েছিল। ২০২১ সালেও আশ্বাস দিয়েছিল। এই বছরও আশ্বাসের জায়গা তৈরি হয়েছিল। কী বলব আর। আমি ভগবানের উপর বিশ্বাসী। আমি জানি সময় এলে সব ফিরে পাব।’

শিলিগুড়ির উত্তরকন্যায় সাংবাদিক সম্মেলনে তৃণমূল সুপ্রিমোকে ভাই বাবুনের নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর কথা জিজ্ঞেস করা হলে তিনি স্পষ্ট জানান, ‘আমাদের পরিবারের ও কোনও মেম্বার বলে আমি মনে করি না। আমার ভাই হিসেবে আর পরিচয় দেবেন না।আজ থেকে বাবুনের সঙ্গে সব সম্পর্ক শেষ।’

নিজের ভাইয়ের ওপর কতটা ক্ষুব্ধ এদিন মমতার প্রতিটি কথা থেকে স্পষ্ট।তিনি বলেন, ‘আমাদের পরিবারের প্রায় ৩২ জন মেম্বার আছে। আমাদের কেউ কিন্তু এরকম না। আমি সরাসরি বলছি, বড় হলে কারও কারও লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলুক। আমার পরিবারের ও কোনও মেম্বার বলে আমি মনে করি না।আজ থেকে আমি সব সম্পর্ক শেষ করলাম। শুধু আমি নই, মা-মাটি-মানুষের পরিবারেরও যারা আছে, তাদের সবার সঙ্গে ওর সম্পর্ক ছিন্ন হয়ে গেল।’

মমতা এও জানিয়েছেন, ‘ওর অনেক কাজই আমি অনেক দিন ধরে পছন্দ করি না। কিন্তু সব কথা তো বাইরে বলা যায় না। আজ বলছি। যে যেখানে খুশি যেতে পারে। স্বাধীন ভাবে ভোটে দাঁড়াতে পারে। তবে হাওড়া সদরে তৃণমূলের প্রার্থী, জোড়াফুলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ই। অন্য কেউ নয়।আজ থেকে আমার ভাই হিসেবে ওর পরিচয় দেবেন না। পৃথক নাগরিক হিসেবে পরিচয় দিতেই পারেন। আমাদের দল যাকে প্রার্থী করেছে, তিনিই আমাদের প্রার্থী। প্রসূন বন্দ্যোপাধ্যায় অর্জুন পুরস্কার প্রাপ্ত।’