H.S: নয়া সিলেবাসের বই ছাড়াই শুরু ক্লাস? উচ্চমাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি নিয়ে চিন্তায় পড়ুয়ারা

পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর জন্য নতুন পাঠ্যক্রম তৈরির কাজ শুরু হলেও বই প্রকাশে জটিলতা দেখা দিয়েছে।
প্রকাশকদের দাবি, নতুন পাঠ্যক্রম হাতে পেলেও তা বাজারে আনতে কমপক্ষে তিন থেকে সাড়ে তিন মাস সময় লাগবে। কারণ বই লেখার জন্য খসড়া তৈরি, সংসদের অনুমোদন, টেক্সট বুক নম্বর পাবার প্রক্রিয়া এবং প্রকাশনার কাজ সম্পন্ন করতে হবে।
এদিকে, আগামী শিক্ষাবর্ষ থেকেই সেমেস্টার চালু করতে চায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফলে বই প্রকাশে দেরি হলে নতুন পদ্ধতিতে পড়াশোনা শুরু করতে সমস্যায় পড়বে একাদশে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভা’-র সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, “যে দ্রুততায় সেমিস্টার চালু হতে চলেছে, তাতে বই প্রকাশের ক্ষেত্রে ভুল ভ্রান্তির সম্ভাবনা থাকছে। তাড়াহুড়ো করে বই ছাপাতে গেলে চরম অব্যবস্থা তৈরি হতে পারে।”
এই কারণে 2025 থেকে সেমেস্টার চালু করার আর্জি জানিয়ে সংসদকে চিঠি দিয়েছে এই প্রকাশক সংগঠন।
কলকাতা পাবলিশার্স অ্যাসোসিয়েশন’-র সভাপতি শিশিরবিন্দু চৌধুরীও একই মত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “হাতে যেহেতু সময় কম, তা এবার একাদশ বা দ্বাদশের বই প্রকাশের ক্ষেত্রে আমাদের অনেকটা বেশি সতর্ক থাকতে হবে। তিন মাসে নতুন সিলেবাসের বই বাজারে আনা যথেষ্ট কঠিন।”
এই পরিস্থিতিতে একাদশে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কী পড়াবে স্কুল?
প্রকাশকদের একাংশের পরামর্শ, মাল্টিপল চয়েসের বেশ কিছু বই বাজারে রয়েছে, সেগুলি দিয়েই পড়া শুরু করতে হবে তাদের।
উল্লেখ্য, উচ্চ মাধ্যমিকে সেমেস্টার চালু হলে প্রথম সেমিস্টারে থাকবে মাল্টিপল চয়েস প্রশ্ন (MCQ)।
এই জটিল পরিস্থিতি সমাধানে রাজ্য সরকার ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।