মোদীর কণ্ঠে ৪২-শাহি বার্তা ২৫ পার-শুভেন্দু বলছেন ৩৫, বাংলায় BJP-র টার্গেট আসলে কত?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে বাংলার ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধেছিলেন, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই টার্গেটকে আরও বাড়িয়ে দিয়েছেন। কৃষ্ণনগরের সভা থেকে তিনি ঘোষণা করেছেন, বাংলার ৪২টি আসনের সবকটিতেই পদ্ম ফোটাতে হবে। লোকসভায় ৪০০ আসন জয়ের লক্ষ্যমাত্রা স্থির করে বিজেপি কর্মীদের লড়াইয়ের ডাক দিয়েছেন মোদী।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেছিলেন, ‘বাংলাতে আমরা ২৫টি আসন পার করবই।’
এদিকে, মোদীর মঞ্চ থেকেই তাঁর আগে বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘৩৫ আসনের টার্গেট দিয়েছেন অমিত শাহ’।
তিন নেতার মুখে তিন সংখ্যা! এই নিয়ে নীচুতলার কর্মীদের মধ্যে তৈরি হয়েছে চর্চা। ‘টার্গেট’ তবে কত?
রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন বিজেপির এই সংখ্যার অসাম্য প্রসঙ্গে বলেন, ‘এই তিনটে সংখ্যাই ভুল। আমার মনে আছে বিধানসভার সময় একটা বৈঠক হয়েছিল। যেখানে অমিত শাহ, জেপি নাড্ডা ছিলেন। সেই সময় আমি এবং মুকুল রায় দুই জনে মুখের উপর বলেছিলাম ২১ সালে কোনওভাবেই BJP ৭০ থেকে ৮০-র বেশি সিট জিততে পারবে না।’
তিনি আরও বলেন, ‘মোদী পোড়খাওয়া রাজনীতিবিদ। তাঁকে বাংলার নেতৃত্ব কী বুঝিয়েছে কে জানে। আগে ভোট হোক, তারপর বোঝা যাবে কে কত আসন পাবে!’
এই প্রসঙ্গে বাম নেতা রবীন দেব বলেন, ‘BJP বলছে দেশজুড়ে ৪০০ টার্গেট। ওরাই তা বিশ্বাস করে না। বাংলাতেও যে সংখ্যা ওরা বলছে তার সঙ্গেও বাস্তবের কোনও মিল নেই।’
কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘ওরা বাংলা নিয়ে কোনও লক্ষ্যমাত্রা স্থির করতে পারেনি। কারণ বঙ্গ রাজনীতির ভেতরে ওরা ঢুকতে পারেনি। কোন বুথে কী পরিস্থিতি তা ওরা জানেই না। আর সেই জন্যই আলাদা আলাদা এই পরিসংখ্যান সামনে আসছে।’
বিজেপি নেতা রাহুল সিনহার বলেন, ‘অমিত শাহ ৩৫টি আসন বলেছেন এবং ওইটাই ঠিক রয়েছে। এছাড়া অন্য কোনও বিষয় নেই।’
বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘এই নিয়ে আমরা সংবাদ মাধ্যমে আলোচনা করতে আগ্রহী নই। বিষয়টা আমরা বলছি না।’ তবে তাঁর আরও সংযোজন, ‘আমি একটা কথাই বলব, পশ্চিমবঙ্গ বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা ২৪-এর পর থেকে গোনা শুরু হবে।’