‘লাকি’ টোটো চালিয়ে প্রচার শুরু সুভাষের, পৌনে ৪ লাখ ভোটে জেতার করলেন দাবি

‘লাকি’ টোটোয় চালিয়ে নিজের প্রচার শুরু করলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী। এই প্রসঙ্গে সুভাষ সরকার বলেন, ‘২০১৯ সালে আমাদের ভাই অপুর টোটো চালিয়ে প্রচার করেছিলাম, ওর টোটো খুব পয়মন্ত, তাই ওর টোটো চালিয়ে আজও প্রচার শুরু করলাম।’ একইসঙ্গে এবার পৌনে ৪ লাখ ভোটের ব্যবধানে তিনি জিতবেন বলেও দাবি করেন সুভাষ সরকার।
সুভাষ সরকার বলেন, ‘অন্ডাল এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে বাঁকুড়ার সমস্ত কার্যকর্তারা সেখানে হাজির। আর তাঁদের এত উষ্ণ অভ্যর্থনা, তাঁদের সঙ্গে আমি রানিগঞ্জের রাস্তা হয়ে, মেজিয়া দুর্গাপুর মোড়, গঙ্গাজলঘাটি… অসংখ্য মানুষ অপেক্ষা করে থেকেছে, কাতারে কাতারে রাস্তার দু’ধারে বেরিয়ে এসেছে। সেই ভাই আমার, অপু ভাই, ওর টোটো ২০১৯-এর চালিয়েছিলাম। ও অসুস্থ, আঘাত লেগেছে, তা সত্ত্বেও ও টোটো নিয়ে হাজির। তাই ওর টোটো চালিয়েছি, ওর টোটো খুব পয়মন্ত। সেই টোটো চালিয়েই মানুষের সঙ্গে জনসংযোগ করলাম।’
এক প্রশ্নের উত্তের বলেন, ‘২০১৯ সালে পৌনে ২ লাখ ভোটে জিতেছিলাম, তখন প্রতিপক্ষ প্রার্থী ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। এবারে পৌনে ২ লাখ নয়, পৌনে ৪ লাখ হবে। বাঁকুড়ার মানুষের জন্য যা যা করেছি সেগুলি বলতে বলতে পারব। ২ তারিখে ১১ হাজার ৬৫৪ কোটি টাকা বাঁকুড়া লোকসভায় প্রধানমন্ত্রী বরাদ্দ করলেন। এছাড়াও অনেক প্রকল্প আছে।’