রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজ অসুস্থ, সুস্থতা কামনা মুখ্যমন্ত্রীর

রামকৃষ্ণ মিশন ও বেলুড় মঠের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজের অবস্থা সঙ্কটজনক। ৯৬ বছর বয়সী এই ধর্মীয় ব্যক্তিত্ব বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। রামকৃষ্ণ মিশনের সেবা প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা চলছিল। রবিবার তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বামী স্মরণানন্দের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি টুইটে লিখেছেন, “রামকৃষ্ণ মঠ ও মিশনের শ্রদ্ধেয় সভাপতি শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজের দ্রুত আরোগ্য কামনা ও প্রার্থনা করছি। তিনি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আধ্যাত্মিকবাদকে তুলে ধরার জন্য অগ্রগণ্য ভূমিকা নিয়েছেন। বিশ্বজুড়ে লাখ লাখ ভক্ত রয়েছে তাঁর। তাঁর সমস্ত ভক্ত এবং সন্ন্যাসীদের সঙ্গে আমি তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।”

স্বামী স্মরণানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ। ২০১৭ সালের ২১ জুলাই তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি সহ-অধ্যক্ষের দায়িত্ব সামলেছেন।

স্বামী স্মরণানন্দের ১৯৫২ সালে স্বামী শঙ্করানন্দের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। একই বছর তিনি রামকৃষ্ণ মিশনে যোগদান করেন। ১৯৫৬ সালে ব্রহ্মচর্যের ব্রত এবং ১৯৬০ সালে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তিনি।

বর্তমানে স্বামী স্মরণানন্দের অবস্থা নাজুক। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষী।