বিয়ে করতে নারাজ প্রেমিক! ভিডিও কল করে আত্মঘাতী হলেন প্রেমিকা, শোকে পরিবার

শনিবার, উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার বামহোল গ্রামে মর্মান্তিক ঘটনা ঘটেছে। দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি জানালে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছেন এক তরুণী।
সূত্র জানায়, ওই তরুণীর প্রতিবেশী গ্রাম বিকনপুরের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল। চলতি মাসেই দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের দিনক্ষণ ঠিক করার কথা ছিল। কিন্তু হঠাৎ করে বিয়ে করতে অস্বীকৃতি জানায় প্রেমিক।
এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে প্রেমিককে ভিডিও কলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই তরুণী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ। মরদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিয়েতে অস্বীকৃতিই আত্মহত্যার কারণ। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ওই যুবকের পরিবারের সদস্যদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে।