মুখ্যমন্ত্রী হয়েই সমালোচনার মুখে মরিয়াম নওয়াজ, ভিডিও ফুটেজ নিয়ে শুরু বিতর্ক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ প্রদেশটির নিরাপত্তা বিষয়ক কার্যালয় পরিদর্শনে গিয়ে এক নারী পুলিশ কর্মকর্তার মাথার ওড়না ঠিক করে দিয়েছেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, কার্যালয়ে এক নারী পুলিশ কর্মকর্তা কম্পিউটারে কাজ করছিলেন। তার পাশে দাঁড়িয়ে দেখছিলেন মরিয়াম। হঠাৎই ওই পুলিশ কর্মকর্তার মাথা থেকে ওড়না সরে যায়। তখন মরিয়াম ওড়নাটি তুলে ঠিক করে দেন।
এ ভিডিওটি ছড়িয়ে পড়লে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ মরিয়ামকে সমর্থন দিচ্ছেন। অনেকে আবার সমালোচনাও করছেন। তারা বলছেন, মরিয়াম ওই পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করেছেন এবং তাকে অস্বস্তিতে ফেলেছেন।
অনেকের মতে, আপাতদৃষ্টিতে ভালো মনে হলেও মরিয়ামের এর পেছনে উদ্দেশ্য রয়েছে। সে মূলত এই ঘটনার মাধ্যমে জনসাধারণের মনোযোগ আকর্ষণ ও সমর্থন পাওয়ার চেষ্টা করেছে।
সংবাদমাধ্যম ডন বিষয়টি নিয়ে একটি জরিপ চালিয়েছে। এতে ৩৩ শতাংশ মানুষ কাজটি ঠিক বলে মতো দিয়েছেন। অন্যরা বিষয়টির সমালোচনা করেছেন।
উল্লেখ্য, মরিয়াম নওয়াজ এবার পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচিত হন। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) পক্ষ থেকে পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মরিয়াম নওয়াজকে মনোনয়ন দেওয়া হয়। মরিয়াম দেশটির তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বড় মেয়ে। বর্তমানে তিনি পিএমএল-এনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।