২২ দিন ঘরবন্দি, না খেয়ে মৃত্যু যুবকের, আশঙ্কাজনক মা ও বোন

উত্তরপাড়ার রাজেন্দ্র এভিনিউ থার্ড লেনে গত ২২ দিন ধরে না খেয়ে মৃত্যুর অপেক্ষায় ছিলেন শ্যামলী মুখোপাধ্যায় (৭৮), তাঁর ছেলে সৌরভ মুখোপাধ্যায় (৫৫) ও মেয়ে নন্দীতা মুখোপাধ্যায় (৫০)। বুধবার ভোর রাতে সৌরভের মৃত্যু হয়। তাঁর মা কিছুটা সুস্থ হলেও বোনের অবস্থা এখনো সংকটজনক।

পরিবারের এক আত্মীয় বৈষ্ণবদাস মুখোপাধ্যায় জানান, গৃহকর্তা গগন মুখোপাধ্যায়ের মৃত্যুর পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন পরিবারের সদস্যরা। তারা বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেন এবং কারও সাথে যোগাযোগ রাখেননি।

গত ২২ দিন ধরে তিনজনে গৃহবন্দী ছিলেন। প্রতিবেশীরা তাঁদের অবস্থা সম্পর্কে জানতেন না। সৌরভ এক আত্মীয়কে ফোন করে মৃত্যুর জন্য অপেক্ষা করছেন বলে জানান। সেই আত্মীয় ৪ ফেব্রুয়ারি তাদের বাড়িতে যান। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। চেয়ারম্যান দিলীপ যাদব ও পুলিশ ডাকার পর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, “এই ধরনের মৃত্যুতে নিজেদের অপরাধী মনে হয়। আমাদের পাড়ার একজন মানুষ। কেউ জানতে পারেনি। সমাজে বা প্রশাসনের কাছে কোন সাহায্য চাননি। সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা শুনবে তাদের কাছে খুবই কষ্টের মনে হবে। আমরা যখন জানতে পেরেছি তারপর কিছু ব্যবস্থা নিয়েছি। গগন বাবুর স্ত্রী এবং মেয়ের চিকিৎসা চলছে। আশা করব তারা সুস্থ হয়ে উঠবেন।”