মলদ্বীপে পৌঁছল ভারতের সিভিলিয়ান টিম, ১০ মার্চের মধ্যে সেনা প্রত্যাহারের সম্ভাবনা

মলদ্বীপে ভারতীয় সেনাদের প্রত্যাহার প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার (১ মার্চ) মলদ্বীপে একটি সিভিলিয়ান টিম পৌঁছেছে। মলদ্বীপের প্রতিরক্ষা দফতরের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই টিম ভারতীয় সেনাদের দায়িত্ব নেবে।
মলদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু সম্প্রতি সংসদে ঘোষণা করেছিলেন যে, ১০ মার্চের মধ্যে ভারতীয় সেনাদের মলদ্বীপ থেকে সরিয়ে নেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর, মলদ্বীপে তিনটি বিমান ঘাঁটিতে মোট ৮৮ জন ভারতীয় সেনা রয়েছেন। দুটি হেলিকপ্টার ও একটি বিমানের মাধ্যমে তারা সেখানকার মানুষদের প্রয়োজনীয় মানবিক সহায়তা করেন।
মলদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু জানিয়েছেন, ১০ মার্চের মধ্যে ভারতীয় সেনারা একটি বিমান ঘাঁটি থেকে সরে যাবে। এরপর ১০ মের মধ্যে বাকি দুটি বিমান ঘাঁটি থেকেও সেনারা সরে যাবেন।
মুইজ্জু আরও বলেছেন, মলদ্বীপের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারত ও মলদ্বীপের মধ্যে আর কোনও চুক্তি হবে না। দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে এমন কিছু তারা আর করতে দেবেন না।
মুইজ্জু যখন এই বক্তব্য রাখছিলেন, তখন প্রধান দুটি বিরোধী দল এমডিপি ও ডেমোক্র্যাটস সংসদ অধিবেশন বয়কট করে। ফলে মাত্র ২৪ জন সদস্যের সামনে তিনি বক্তব্য পেশ করেন।
স্থানীয় মিডিয়ার খবর, এর আগে কখনো মলদ্বীপে এত বড় বয়কট হয়নি। এমডিপি ও ডেমোক্র্যাটসরা প্রেসিডেন্ট মুইজ্জুকে সরিয়ে দেওয়ার উদ্যোগও শুরু করেছেন।
সূত্রের খবর, মুইজ্জু সরকার চিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে। বেশ কিছু ক্ষেত্রে চিনের উপর নির্ভরশীলতা বাড়িয়ে ভারতের উপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে মলদ্বীপ সরকার।
মলদ্বীপের বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ১৫ মার্চের মধ্যে মলদ্বীপ থেকে ভারত সমস্ত সেনা সরিয়ে নেবে। এরই প্রক্রিয়া শুরু হয়েছে।