১৫ বছর ধরে সমপ্রেমী সম্পর্কে শান্তা-ইফফত! কোন্নগরের শিশুকে হত্যা ঘিরে একাধিক রহস্য

৮ বছরের শিশু শ্রেয়াংশু খুনের ঘটনায় তার মা শান্তা শর্মা ও মায়ের বন্ধবী ইফফাত পরভিনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে নানা তথ্য উঠে এসেছে, কিন্তু খুনের রহস্য এখনও অমীমাংসিত।
পুলিশের দাবি, কেউই খুনের দায় স্বীকার করছে না। মঙ্গলবার জানা যায়, জেলের খাবার পছন্দ হচ্ছে না শান্তা ও ইফফাতের। তারা বিরিয়ানি ও চাউমিনের মতো মশলাদার খাবার চাইছে। খাবার না পেলে কথা বলবে না বলে হুমকিও দিয়েছে।
বিচারাধীন বন্দিদের বিরিয়ানি বা চাউমিন দেওয়ার নিয়ম নেই। তাই তাদের কথা বার করার উপায় নিয়ে ধন্দে পুলিশ।
তদন্তে উঠে এসেছে, শান্তা স্বামীর সঙ্গে সুখী ছিল না। স্বামীর মাথার টাক তাকে পছন্দ ছিল না। দাম্পত্য কলহের কারণে ইফফাতের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয় শান্তার। তদন্তকারীদের দাবি, প্রায় ১৫ বছর ধরে সমকামী সম্পর্কে রয়েছেন তারা।
মাঝে মাঝে শান্তা ও ইফফাত ঘুরতে বেড়াতে যেতেন। একবার তাজমহল দেখতেও গিয়েছিলেন। কিন্তু ছেলেকে সঙ্গে নিয়ে যাননি। বিহারেও একবার গিয়েছিলেন, ছেলেকে আলাদা ঘরে রেখে। বান্ধবীর সঙ্গে এক ঘরে রাত কাটিয়েছিলেন শান্তা।
এসব তথ্য হাতে এলেও শিশুটির খুনের কারণ এখনও স্পষ্ট নয়। মুখোমুখি হলেও পুলিশের প্রশ্নের উত্তর দিতে চাইছেন না শান্তা ও ইফফাত।
এই ঘটনা রাজ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শিশুটির খুনের রহস্য দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন মানুষ।