ঘরোয়া ক্রিকেটে মনোযোগ না দেওয়ায় BCCI-এর শাস্তি! চুক্তি থেকে বাদ ইশান ও শ্রেয়স

বুধবার, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে। তালিকায় ইশান কিষান ও শ্রেয়স আইয়ারের অনুপস্থিতি চোখে পড়ে। বিসিসিআই স্পষ্ট করে বলেছে, “এই বার্ষিক চুক্তির জন্য শ্রেয়স আইয়ার এবং ইশান কিষানকে বিবেচনা করা হয়নি।”

এই ঘটনায় ক্রিকেট মহলে জোর চর্চা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, ভারতীয় অধিনায়ক, কোচ ও বিসিসিআই কর্তাদের বিরুদ্ধে ‘বড় ভাবার’ মাসুল দিতে হচ্ছে শ্রেয়স ও ইশানকে।

বিসিসিআই-এর বিবৃতিতে বলা হয়েছে, “বিসিসিআই সব অ্যাথলিটদের জন্য এটাই সুপারিশ করেছে যে তাঁরা যখন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন না, তখন যেন ঘরোয়া ক্রিকেটে খেলার উপর জোর দেন।”

কিন্তু ইশান ও শ্রেয়স এই সুপারিশ উপেক্ষা করেছেন বলে অভিযোগ। গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর থেকে ইশান কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি (সম্প্রতি একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন)। ভারতীয় টিম ম্যানেজমেন্ট বারবার তাকে ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে বলেছে, কিন্তু সে নির্দেশ উপেক্ষা করেছে।

অন্যদিকে, শ্রেয়স ইংল্যান্ড সিরিজ ‘চোট’ পেয়ে ছিটকে যান। রঞ্জি ট্রফির কোয়ার্টার-ফাইনালের আগে মুম্বইকে জানান যে তাঁর পিঠে চোট আছে। কিন্তু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির নীতীন প্যাটেল জানিয়ে দেন যে শ্রেয়সের নতুন করে কোনও চোট নেই এবং তিনি খেলার জন্য ফিট।