“আমি ওই রকম মেটিরিয়াল নই”-পদত্যাগ নিয়ে মুখ খুললেন কৌস্তভ বাগচী

জামিনে মুক্তি পেয়েই ‘মমতা সরকার উৎখাত না হওয়া পর্যন্ত মাথায় চুল রাখব না’ বলে প্রতিজ্ঞা করেছিলেন তৎকালীন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। চুল কামিয়ে নিজের প্রতিজ্ঞার প্রতি অবিচল থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি।

গতকাল প্রদেশ কংগ্রেসের কাছে পদত্যাগপত্র পাঠান কৌস্তভ। এরপরেই তাঁর অন্য রাজনৈতিক দলে যোগদানের জল্পনা তুঙ্গে। এই প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে কৌস্তভ বলেন, “অনেক রাজনীতিক বিভিন্ন সময় মাথা কামিয়ে প্রতিবাদ করেছেন। পরবর্তীকালে আবার চুল রেখেছেন। কিন্তু, আমি ওই রকম মেটিরিয়াল নই। আমি যা বলেছিলাম, তাতেই অবিচল থাকছি। যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করা যাচ্ছে, ততদিন পর্যন্ত চুল গজাতে দেব না।”

কংগ্রেস ছাড়লেও তৃণমূলের বিরোধী দিকেই তিনি থাকছেন বলে স্পষ্ট বার্তা দিয়েছেন। তবে কি এবার BJP-তে যোগদান করতে চলেছেন কৌস্তভ? এই প্রশ্নের সরাসরি কোনও জবাব তিনি দেননি। পরবর্তীতে তিনি কী পদক্ষেপ করবেন, তা সকলকে জানিয়েই দেবেন, স্পষ্ট জানান এই নেতা।

উল্লেখ্য, কৌস্তভ বাগচী দীর্ঘদিন ধরে তৃণমূল সরকারের বিরুদ্ধে কণ্ঠস্বর তুলে আসছিলেন। সম্প্রতি তিনি ‘নবজাগরণ মঞ্চ’ নামে একটি নতুন সংগঠনের সূচনা করেন। ধারণা করা হচ্ছে, এই সংগঠনের মাধ্যমেই তিনি তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা শুরু করতে পারেন।