“ফেসবুক বিপ্লব না করে রাস্তায় নামুন”-সন্দেশখালি নিয়ে প্রতিবাদের ডাক দিলেন রুদ্রনীল

সন্দেশখালীর নারীদের মতো রাজ্যের অন্যান্য স্থানেও নারীদের রাস্তায় নামতে হবে। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ মনে করেন, এই ঘটনার প্রতিবাদ সর্বত্র ছড়িয়ে পড়া উচিত। তিনি সন্দেশখালীর নির্যাতিত নারীদের পাশে দাঁড়ানোর জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ নদিয়া জেলার কৃষ্ণনগরে একটি চা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি ঘটনার প্রতিবাদ করেন।
রুদ্রনীল বলেন, ‘যাঁরা বাড়িতে বসে ফেসবুক রাস্তায় নামছেন, তাঁরা রাস্তায় নামুন। যেরকম আমরা প্রত্যেকে রাস্তায় নামছি। যাঁরা বৈঠকি আড্ডায় জ্ঞান দিচ্ছেন, তাঁরা এবার রাস্তায় নামুন। না হলে আগামী দিনে আপনাদের বাড়ির মহিলাদের সম্মানহানির চেষ্টা হবে।’
রুদ্রনীলের কথায়, আজকে এই ঘটনা নিয়ে সাধারণ মানুষের একাংশ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। সেই কারণে, রাজ্যের ডিজি নিজে ওই এলাকায় পরিদর্শনে যাচ্ছেন। তবে, সাধারণ মানুষকে আরও বেশি করে এই ইস্যুতে আন্দোলনে নামতে হবে। রুদ্রনীলের কথায়, ‘আমরা যাঁরা শিক্ষিত ভদ্রলোক তাঁরাই বেশি জ্ঞানবাজি করছি। যাঁদের লুঠ হচ্ছে বেশি করে, গ্রামাঞ্চলের মানুষ তাঁরাই বেশি করে প্রতিবাদ করছে। শহরের মা – বোনেদের রাস্তায় নামতে বলছি গ্রামের মা – বোনেদের সমর্থন জানিয়ে।’