SPORTS: ৪১ বছরেও ১৪-র ‘তারুণ্য’, দুর্দান্ত ক্যাচ ধরলেন জেমস অ্যান্ডারসন! ভাইরাল ভিডিয়ো

রাঁচি টেস্ট ম্যাচে জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলের ১৫২ রানের প্রয়োজন ছিল। রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল ভালো শুরু করেছিলেন। কিন্তু ৪১ বছর বয়সী ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসনের এক অসাধারণ ক্যাচে থেমে গেল যশস্বীর রানের মিছিল।
যশস্বী ১৬ রান থেকে ব্যাট করতে নেমেছিলেন। ম্যাচের প্রথম আধঘণ্টায় ভারতীয় দল কোন বাধার সম্মুখীন হয়নি। কিন্তু জয়ের তাড়াহুড়োয় জো রুটের বলে ঝুঁকিপূর্ণ শট মারতে যান যশস্বী।
বলটি হাওয়ায় ছিল। অ্যান্ডারসন ক্যাচ ধরার জন্য দৌড়ে এসে শেষ মুহূর্তে এক অসাধারণ ডাইভ দেন। ৪৪ বলে ৩৭ রান করে আউট হন যশস্বী।
অ্যান্ডারসনের এই ক্যাচ ক্রিকেট বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। ভারতীয় ক্রিকেট কিংবদন্তি অনিল কুম্বলে বলেছেন, “জিমি অ্যান্ডারসনের ক্যাচটাই আমার পছন্দের। প্রথমে বল ধরতে হবে, তারপর গতিও সামলাতে হবে। এই ক্যাচটা একেবারেই সহজ ছিল না।”
That catch from jimmy Anderson at the age of 40! #INDvsENG pic.twitter.com/wWieXDyN1t
— Akshayy (@Cofffe_walnut) February 26, 2024
রাঁচি টেস্ট ম্যাচের চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের বিরতির সময় টিম ইন্ডিয়া ১১৮ রানে ৩ উইকেট হারিয়েছে। যশস্বী ছাড়াও রোহিত শর্মা (৫৫) ও রজত পতিদার (০) আউট হয়েছেন। জয়ের জন্য আর ৭৪ রানের প্রয়োজন।
দিনের দ্বিতীয় সেশনেই কি টিম ইন্ডিয়া এই ম্যাচ নিজেদের পকেটে পুরে ফেলতে পারবে? সেটাই এখন দেখার।