BigNews: ৯০ শতাংশ পড়ুয়াই ‘ফেল’, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন ফলাফল

নতুন শিক্ষানীতির প্রথম সিমেস্টারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে থাকা কলেজগুলিতে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে। বিএ মেজর-এ ছাত্রদের ফেলের হার ৯৪ শতাংশেরও বেশি, এবং প্রায় ৯০ শতাংশ ছাত্রী সব বিষয়ে পাশ করতে পারেননি। বিএসসি ও বিকম-এর ক্ষেত্রেও পাশের হার ৩২ শতাংশেরও কম। বৃহস্পতিবার এই ফলাফল প্রকাশের পর কলেজগুলিতে হইচই পড়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই রেকর্ড সংখ্যক ফেলের কারণ খুঁজে বের করার জন্য শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সমস্ত বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান ও বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করবে। আগামী সপ্তাহে কলেজের অধ্যক্ষদের নিয়েও বৈঠক করা হবে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক ও ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক দেবাশিস দত্তের মতে, নতুন শিক্ষানীতি অনুসারে যারা প্রথম পরীক্ষা দিচ্ছে তারা কোভিডের সময়কার ছাত্রছাত্রী। তাছাড়া, নতুন সিস্টেম সম্পর্কে এখনও সবাই ঠিকঠাক বুঝতে পারেনি। ফলে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাশ করতে পারেনি।
বিএ মেজর: মোট ১৩ হাজার ৬৪২ জন ছাত্র এবং ২২ হাজার ৯৩২ জন ছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে মাত্র ৮১২ জন ছাত্র (৫.৫৯ শতাংশ) এবং ২৩১৯ জন ছাত্রী (১০.১১ শতাংশ) পাশ করেছেন।
বিএসসি মেজর: ২০৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৫৭০ জন।
বিকম মেজর: ২১২৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৪০৭ জন।
সিবিসিএস: সিবিসিএস-এর প্রথম, তৃতীয় ও পঞ্চম সিমেস্টারের ফলাফলেও অনার্স কোর্সে পাশের হার কোনও সিমেস্টারে ৪০ শতাংশ, কোনও সিমেস্টারে ৫৫ শতাংশ হলেও প্রোগ্রাম কোর্সে পাশের হার কোথাও ১৬ শতাংশ কোথাও ১৮ শতাংশ।