“বিদেশে ওপেন সেক্স প্রচলিত”-অনন্যার মন্তব্যে কড়া পদক্ষেপ TMC-র! রেগে গেলেন খোদ মমতা

কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং অনন্যাকে পুর অধিবেশনে বক্তৃতা দেওয়ার সুযোগ যাতে না পান তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে অনন্যা সেদিন বলেছিলেন,‘আমি একটি রূপকধর্মী গল্প বলছি। বিদেশে ওপেন সেক্স প্রচলিত। এক ফাদার গাড়িতে চার্চে যাচ্ছিলেন। পথে লিফট চান এক নান। ফাদার তাঁকে গাড়িতে তুলে শরীরে হাত দিতে থাকেন। নান ফাদারকে বলেন, তাঁর বাইবেলের ১১২ নম্বর আর্টিকেল পড়া আছে। চার্চে পৌঁছে বাইবেল খুলে ফাদার দেখেন, ১১২ নম্বর আর্টিকেলে লেখা ‘গভীরে যাও। আরও গভীরে যাও। তবেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে’।’

সূত্রের খবর, মঙ্গলবার পুরসভার অধিবেশনে অনন্যা উপস্থিত ছিলেন না। পুরসভার তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাকে অধিবেশনে আসতে মানা করা হয়েছে।

অনন্যার বিতর্কিত মন্তব্যের পর মেয়র ফিরহাদ হাকিম সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছিলেন। তিনি লেখেন, “এদিনের পুর বাজেট বক্তৃতায় অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্যে সমাজের একটি অংশের মানুষ আঘাত পেয়েছেন। আমি এই মন্তব্যের প্রেক্ষিতে জানাচ্ছি, দল তাঁর এই মন্তব্যের সঙ্গে কোনওভাবেই সহমত নয় এবং দলের পক্ষ থেকে তীব্র নিন্দা করছি। দলের পক্ষ থেকে তাঁর কাছে জবাবদিহি চাওয়া হচ্ছে।”

অনন্যা অবশ্য দাবি করেছেন, “আমি সমস্তটাই প্রকাশ্যে বলেছি। তবে বিষয়টি নিয়ে ভেবে দেখব। আমার বাক স্বাধীনতা রয়েছে। দলের মত খাকতেই পারে। তবে কোনও অন্যায় আমি করিনি। এই কথা যে শুধুমাত্র রূপক, তা বলার আগেই বলেছিলাম।”

এই ঘটনার পর তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে অনন্যাকে দলের বিভিন্ন পদ থেকে অব্যাহতি দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানা গেছে।

এই ঘটনা কলকাতা পুরসভা এবং তৃণমূল কংগ্রেসে রীতিমতো ঘোলা জল সৃষ্টি করেছে। এর পরবর্তী পরিণতি কী হবে তা দেখার বিষয়।