উত্তর প্রদেশে কাটল জট, যোগীরাজ্যে ইন্ডিয়া জোটের নতুন প্রাণ!

বাংলা, পঞ্জাব, চণ্ডীগড় ও জম্মু ও কাশ্মীরে জোট ভেঙে গেলেও উত্তর প্রদেশে একমাত্র টিকে রইল ইন্ডিয়া জোট। অনেক টানাপোড়েনের পর অবশেষে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সাথে হাত মেলাল কংগ্রেস।
উত্তর প্রদেশে কংগ্রেস ১৭টি আসনে এবং বাকি ৬৩টি আসনে সমাজবাদী পার্টি ও অন্যান্য দল প্রার্থী দেবে। জোটের জট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা। সূত্রের খবর, বুধবার সকালে কংগ্রেসের সাধারণ সম্পাদকের একটি ফোন কলেই মেটে যাবতীয় সমস্যা। অখিলেশ যাদবকে তিনি একটি ফোন করেন, তাতেই গলে জল।
বারাণসী, সীতাপুর, বারাবাঙ্কি, কানপুর, সাহারনপুর, আমরোহা, ফতেপুর সিকরি এবং ঝাঁসি আসনগুলিতে লড়তে পারে কংগ্রেস। মনে করা হচ্ছে, মায়ের ছেড়ে যাওয়া রায়বরেলি আসন থেকে এবার ডেবিউ করতে পারেন সোনিয়া কন্যা।
এই জোট কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে।
বারাণসী সহ ৩৫টি আসনে ইতিমধ্যেই প্রার্থী তালিকাও প্রকাশ করে ফেলেছে সমাজবাদী পার্টি। এর আগে বাংলার মতো উত্তর প্রদেশেও ইন্ডিয়া জোটে জট পড়ে গিয়েছিল। অখিলেশ যাদব কার্যত হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, তিনি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় তখনই যোগ দেবেন যখন আসন সমঝোতা চূড়ান্ত করবে হাত শিবির।