রাজ্যে ফের নীল রাস্তা, পরিবেশবান্ধব উদ্যোগে নজর কেড়েছে পূর্ব বর্ধমান

মেমারি ২ ব্লকের সাতগাছিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সম্প্রতি নির্মিত হয়েছে একটি নীল রাস্তা। পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকের উচালন গ্রাম পঞ্চায়েত এলাকায় এর আগে একটি নীল রাস্তা তৈরি করা হয়েছিল। এই ধরনের রাস্তা তৈরি করা হয় বিটুমিন এবং প্লাস্টিকের বর্জ্য ব্যবহার করে।

৯ লাখ ৯৪ হাজার ৫৫৭ টাকা খরচ করে নির্মিত এই নীল রাস্তাটির দৈর্ঘ্য ৩ মিটার এবং প্রস্থ ১৫০ মিটার। রাস্তাটির উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী।

দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় এসএলডব্লিউএম প্রকল্প গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে ফেলে দেওয়া সমস্ত বর্জ্য পুনরায় ব্যবহার করা হচ্ছে। রাস্তা তৈরির জন্য পুনরায় ব্যবহার করা হচ্ছে ব্যবহৃত প্লাস্টিকও।

এই ধরনের রাস্তা তৈরির ক্ষেত্রে ছয় শতাংশ প্লাস্টিক বর্জ্য মেশানো হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, এই রাস্তাগুলোতে তাপ বিকিরণ কম হবে। পরীক্ষামূলকভাবে এই রাস্তাতে লাইট রিফ্লেক্টর তৈরি করা হতে পারে। এর ফলে অন্ধকারেও পথচারিরা আলোর ছটা দেখতে পাবেন।

এই উদ্যোগের প্রশংসা করেছেন সিদ্দিকুল্লা চৌধুরী এবং অতিরিক্ত জেলাশাসক শুভলক্ষ্মী বসু। তাদের মতে, এই উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নীল রাস্তা নির্মাণের এই উদ্যোগ দেশের মধ্যে নজর কেড়েছে। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি একটি নতুন দিশা দেখাচ্ছে।