Weather: ঝড়ো বৃষ্টিতে ভেসে যেতে পারে দেশের বিভিন্ন অংশ! বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির অ্যালার্ট

দিল্লি সহ সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাত থেকেই ঝেঁপে বৃষ্টি নামবে। মান্ডি হাউস, আর কে পুরম, ইন্দ্রপ্রস্থ রোড এবং নিজামুদ্দিন ফ্লাইওভারের কাছে ভৈরো মার, কর্তব্য পথে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে ইতিমধ্যেই।
হিমাচল প্রদেশের চম্বল জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। চম্বা, লাহুল এবং স্পিতী, কিন্নাউরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বিলাসপুর, সোলান, সিমলা, সিমাউর, মান্ডি এবং কুলুতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বিলাসপুর, সোলান, সিমলা এবং শ্রীমাউরে আগামী দু’তিনদিন বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
সোমবার শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা নামে দুই ডিগ্রি সেলসিয়াসে। গুলমার্গে ন্যূনতম তাপমাত্রা দাঁড়ায় ২.৯ ডিগ্রি সেলসিয়াসে। গোটা জম্মু ও কাশ্মীর এলাকার জন্যই দুর্যোগের পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গেই তুষারপাতের সম্ভাবনা রয়েছে পর্যটন স্পটগুলিতে।
উত্তর ভারতের পাশাপাশি হিমালয়ের পাদদেশীয় অঞ্চল এবং সিকিমেও আগামী রবিবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টি চলবে।বুধবার থেকে বৃষ্টি বাড়বে সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বৃহস্পতিবার সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর প্রদেশের একাংশ, পঞ্জাব, হরিয়ানা, মধ্য প্রদেশের একাংশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান সহ উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে কম বেশি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
IMD-র আগের পূর্বাভাস অনুযায়ী, চলতি মরশুমে শীতের শেষে এসে ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রা। মার্চেই দেশের নানা অংশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।