দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান মার্চেই! বহরমপুর থেকে ট্রেনে সরাসরি দিল্লি-মুম্বই

দীর্ঘ ২০ বছরের অপেক্ষার পর অবশেষে আজিমগঞ্জ-নসিপুর রেল সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। রেল সূত্রে জানা গেছে, আগামী মার্চ মাসের প্রথমেই এই সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হবে।
জানা গেছে, আগামী মাসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিনই তিনি আজিমগঞ্জ-নসিপুর রেল সেতুর উদ্বোধন করতে পারেন।
ইতিমধ্যে সেতুর ভার বহন ক্ষমতা পরীক্ষা করা হয়ে গেছে। সেতুর উপর দিয়ে পাথর বোঝাই মালগাড়ি চালিয়ে প্রথম দফার পরীক্ষা করা হয়েছে। নতুন রেললাইনে ইলেট্রিফিকেশনের কাজও দ্রুত গতিতে চলছে।
২০০৪ সালের ডিসেম্বর মাসে তৎকালীন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব এই সেতুর শিলান্যাস করেন। সেতু নির্মাণের কাজ সম্পন্ন হলেও জমিজটে থমকে যায় রেল লাইনের কাজ। দীর্ঘ টালবাহানার পর জমিদাতারা জমি দিতে রাজি হয়েছিলেন।
এই সেতু চালু হলে উত্তরপূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ আরও সহজ হয়ে যাবে। বহরমপুর থেকেই জেলার মানুষ সরাসরি দিল্লি-মুম্বই যেতে পারবেন। জেলার অর্থনৈতিক পরিকাঠামো বদলে যাবে বলেই দাবি ব্যবসায়ী মহলের। পাশাপাশি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হাজারদুয়ারি নবকলেবরে সেজে উঠবে।
স্বাভাবিকভাবেই এই রেল পথ কবে চালু হবে, সেই দিকে তাকিয়ে সাধারণ মানুষ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাউন্ডডাউনও।