একই দিনে বিয়ে ও পরীক্ষা! বরযাত্রী নিয়ে পরীক্ষাকেন্দ্রে হাজির বর

উত্তর প্রদেশের মুধারি এলাকায় এক অদ্ভুত ঘটনা ঘটেছে। এক যুবক বিয়ের দিন সকালে বরযাত্রী সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে হাজির হন পরীক্ষাকেন্দ্রে। প্রশান্ত যাদব নামের এই যুবকের বিয়ে এবং চাকরির পরীক্ষা ছিল একইদিনে। দুটি বিষয়ই তাঁর কাছে ছিল সমান গুরুত্বপূর্ণ।

প্রশান্তর বিয়ের লগ্ন ছিল রবিবার সন্ধ্যায়। সেদিনই মাহোবা এলাকায় ছিল তাঁর কনস্টেবল পদের চাকরির পরীক্ষা। বিয়ের আগে পরীক্ষা দিতে মনস্থির করেন তিনি। তাই মাথায় বিয়ের পাগড়ি দিয়ে, বিয়ের সাজেই তিনি হাজির হন পরীক্ষাকেন্দ্রে। তাঁর সঙ্গে ছিলেন বরযাত্রীরাও।

প্রশান্ত যখন বিয়ের সাজে পরীক্ষা দিতে বসেন, তখন পরীক্ষাকেন্দ্রের সকলে অবাক হয়ে যান। পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা পুরো বিষয়টি শোনার পরে বর বেশেই প্রশান্তকে পরীক্ষায় বসবার জন্য অনুমতি দেওয়া।

তিনি যতক্ষণ পরীক্ষা দিচ্ছিলেন, ততক্ষণ পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষায় ছিলেন বরযাত্রীরা। পরীক্ষা শেষ হওয়ার পরে প্রশান্ত বরযাত্রীর দলকে সঙ্গে নিয়ে রওনা দেন বিয়ে বাড়ির উদ্দেশে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে প্রশান্তর এইভাবে পরীক্ষা দেওয়ার কথা।

এই ঘটনায় কেউ কেউ প্রশান্তর প্রশংসা করেছেন, কেউ আবার কটাক্ষও করেছেন।