ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা পড়লেন সরকারি কর্মকর্তা, চাইলেন ক্ষমা

ভারতের তেলেঙ্গানা রাজ্যের এক সরকারি কর্মকর্তা ঘুস গ্রহণের সময় দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) কাছে হাতেনাতে ধরা পড়েছেন। ধরা পড়ার পরপরই কান্নায় ভেঙে পড়েন ওই নারী কর্মকর্তা। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এনডিটিভি জানায়, গত সোমবার আদিবাসী কল্যাণ প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী কে জগা জ্যোতিকে ঘুসের ৮৪ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, অফিসের একটি কাজ করে দেওয়ার বিনিময়ে ঘুস দাবি করেছিলেন তিনি। এ বিষয়ে স্থানীয় দুর্নীতি দমন ব্যুরোতে অভিযোগ জানান ভুক্তভোগী। এরপরই অভিযুক্তকে হাতেনাতে ধরতে ফাঁদ পাতে এসিবি।

ফেনোলফথালিন ব্যবহার করে হাতেনাতে ধরা হয়েছিলেন জ্যোতি। এটি একটি রাসায়নিক যৌগ, যা ভেঙে গেলে গোলাপী রঙ ধারণ করে। ঘুসগ্রহীতাদের ধরার জন্য এটি ব্যবহার করা হয় থাকে। যখন কেউ ফেনোলফথালিন মেশানো নোট বা নথিগুলো স্পর্শ করেন, তখন ওই রাসায়নিক তাদের হাতে লেগে যায়। এর সঙ্গে আরেকটি রাসায়নিক মেশালেই গোলাপী রঙ স্পষ্ট হয়ে ওঠে।

জ্যোতির ডান হাতের আঙ্গুলে ফেনোলফথালিন পরীক্ষায় ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। হাতেনাতে ধরা পড়ার পর তার কান্নার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।