কৃষক আন্দোলনে দৈনিক ক্ষতি 500 কোটি, দাবি করলো বণিকসভা

দিল্লির কাছে শম্ভু সীমানায় কৃষকদের চলমান আন্দোলন উত্তর ভারতের রাজ্যগুলির শিল্প ও বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বণিকসভা পিএইচডিসিসিআই।
তাদের মতে, আন্দোলন যদি অব্যাহত থাকে, তাহলে প্রতিদিন ৫০০ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হবে। এছাড়াও, চতুর্থ ত্রৈমাসিকে পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলির জিএসডিপি-র উপর নেতিবাচক প্রভাব ফেলবে।
পিএইচডিসিসিআই-এর প্রেসিডেন্ট সঞ্জীব আগরওয়াল বলেন, “আন্দোলন অব্যাহত থাকলে প্রতিদিন ৫০০ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হবে এবং চতুর্থ ত্রৈমাসিকে পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলির জিএসডিপি-র উপর নেতিবাচক প্রভাব ফেলবে।”
তিনি আরও বলেন, সরকার এবং আন্দোলনরত কৃষকদের উচিত দ্রুত সমস্যার সমাধান করা। তিনি জানান, দেশের কল্যাণের জন্য এব্যাপারে সবার সহমতে আসা উচিত।
পিএইচডিসিসিআই-এর প্রেসিডেন্ট জানিয়েছেন, কৃষক আন্দোলনের জন্য পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং উত্তরপ্রদেশ ও রাজস্থানের কিছু অংশে অতি ক্ষুদ্র, ছোট ও মাঝারি সংস্থাগুলির ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে।
কারণ, উৎপাদন করার জন্য মূলত অন্যান্য রাজ্য থেকে এই সংস্থাগুলি কাঁচামাল নিয়ে আসে। আন্দোলনের জন্য তারা কাঁচামাল নিয়ে আসতে পারছে না এবং এজন্য ক্রেতা চাহিদা মেটাতে পারছে না ওই সংস্থাগুলি।