INDvsENG: রাজকোটে ভারতের ঐতিহাসিক জয়! ম্যাচ শেষে রোহিতের বক্তব্য

রাজকোটে তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে ভারত। মাত্র ৪ দিনেই ম্যাচ শেষ করে সিরিজে ২-১ এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে দুরন্ত দ্বিশতরান করেন যশস্বী জয়সওয়াল। টেস্টের ইতিহাসে এটিই ভারতের সর্বোচ্চ ব্যবধানে জয়।
দ্বিতীয় দিনের শেষে বেন ডাকেটের সেঞ্চুরির হাত ধরে ইংল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ২০৭ রান। সেখান থেকে তৃতীয় দিন সকালে ভারত ঘুরে দাঁড়ায় এবং ইংল্যান্ডকে ৩১৯ রানে অলআউট করে দেয়। রোহিত শর্মা বলেন, “যখন টেস্ট ক্রিকেট খেলা হয়, তখন সেটা ২-৩ দিনে হয় না। ৫ দিনের খেলার গুরুত্ব আমরা বুঝি। ওরা (ইংল্যান্ড) দ্বিতীয় দিন ভালো খেলে আমাদের চাপে ফেলেছিল। আমাদের বোলিংয়ের মানও অত্যন্ত ভালো। আসলে দ্বিতীয় দিনের শেষে বার্তাটি ছিল, শান্ত মেজাজে থাকতে হবে। এবং আমি সত্যিই গর্বিত যে, তৃতীয় দিন ম্যাচে আমরা অসাধারণ ভাবে প্রত্যাবর্তন করি এবং ইংল্যান্ডকে চাপে ফেলে দিই।”
প্রথম ইনিংসে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল ভারত। সেই চাপের মাঝে অভিষেক হওয়া সরফরাজ খানকে না নামিয়ে, পাঁচ নম্বরে রবীন্দ্র জাদেজাকে নামানো হয়। রোহিত বলেন, “আমাদের মনে হয়েছিল, এই ফর্ম্যাটে জাদেজার এত অভিজ্ঞতা আছে এবং ও অনেক রানও করেছে। আমরা বাম-ডান কম্বিনেশন চেয়েছিলাম। সরফরাজ তো সরফরাজই। আমরা ওর গুণাগুণ জানি, আমরা চেয়েছিলাম, আমরা ওকে কিছুটা সময় দিতে। আমরা দেখেছি, ও ব্যাট দিয়ে কী করতে পারে। ব্যাটিং অর্ডার নিয়ে এটি কোনও ভাবেই দীর্ঘ সময়ের পরিকল্পনা নয়। আমরা প্রতিটি টেস্ট ম্যাচ ধরে চলব, যে ম্যাচের জন্য যেটা সঠিক, সেই কাজটাই করব।”
রোহিত বলেন, “প্রচুর টার্নিং পয়েন্ট রয়েছে। প্রথমটা আমাদের টসে জেতা। এই ম্যাচে টস জেতাটা গুরুত্বপূর্ণ ছিল। আমরা জানি ভারতের মাটিতে রান করাটা খুবই গুরুত্বপূর্ণ।”