‘বীরভূমের মুখ্যমন্ত্রী কাজল শেখ’, মমতার সফরের মাঝেই TMC নেতার মন্তব্যে শোরগোল

রবিবার বীরভূমে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তার আগে ফের একবার প্রকাশ্যে এসেছে তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’।
বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের অনুগামী আলম শেখ অনুব্রত মণ্ডলের অনুগামীদের হুঁশিয়ারি দিয়েছেন। এমনকী, তাদের এলাকা ছাড়ার নির্দেশও দিয়েছেন। পাশাপাশি কাজল শেখকে ‘বীরভূমের মুখ্যমন্ত্রী’ বলেও সম্বোধন করেন তিনি।
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়েছে আলম শেখ অনুব্রত মণ্ডলকে ‘হনুমান’ বলে সম্বোধন করেছেন।
অনুগামীর এই মন্তব্য নিয়ে মুখ খুলেছেন কাজলও। তিনি বলেন, ‘কে কোথায় কী বলছে সেই নিয়ে বিচার বিবেচনা করার মতো সময় আমার নেই। এই ধরনের কেউ কোনও কথা বলবে সেই বিষয়টিকে আমি ভালো চোখে নিই না। অনুব্রত মণ্ডল আমার রাজনীতিতে অভিভাবক।’
এই প্রসঙ্গে কোর কমিটির সদস্য বিকাশ রায় চৌধুরী বলেন, ‘কে কী বলছে তা নিয়ে মন্তব্য করতে রুচিতে বাঁধে। এই ধরনের কথা বলা উচিত নয়।’
মুখ্যমন্ত্রীর সফরের আগে এই ঘটনা তৃণমূলে অস্বস্তি তৈরি করেছে।আলম শেখের মন্তব্যকে অনেকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সরাসরি আক্রমণ হিসেবে দেখছেন।কাজল শেখ অনুব্রত মণ্ডলের প্রতি আনুগত্যের কথা জানালেও, তাঁর অনুগামীদের মন্তব্য নিয়ে তিনি খুশি নন।তৃণমূলের এই ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ লোকসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে তা বলা মুশকিল।