প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক, রাগে বন্ধুকে খুন করল স্বামী

হুগলির দাদপুর থানার মহেশ্বরপুর এলাকায় বন্ধুকে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম শেখ সিকান্দার আলি। নিহতের নাম মহম্মদ নবী আলম আনসারি (৩৯)। তিনি বিহারের মুজাফ্ফরপুর এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ জানিয়েছে, গত ১১ ফেব্রুয়ারি নবী আলম আনসারি তাঁর নিজের দোকানে মৃত অবস্থায় পড়ে থাকেন। মৃতদেহ উদ্ধারের সময় তার গলায় ক্ষত চিহ্ন দেখতে পান পুলিশ কর্মীরা। ময়না তদন্তে প্রমাণিত হয় যে তাকে গলা টিপে খুন করা হয়েছে। নবী আলম আনসারির দোকানের ম্যানেজার একটি খুনের অভিযোগ দায়ের করেন। তদন্তে পুলিশ নবী আলম আনসারির দেহের পাশে একটি চিরকুট পায়। ওই চিরকুটে লেখা তিনটি মোবাইল নম্বরের সূত্র ধরে পুলিশ শেখ সিকান্দার আলিকে গ্রেফতার করে।
পুলিশের তদন্তে জানা গেছে, শেখ সিকান্দারের দুটি বিয়ে। তবে প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে সংসার করতেন না তিনি। নবী আলম আনসারির সঙ্গে শেখ সিকান্দারের প্রথম পক্ষের স্ত্রীর প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের কথা জানাজানি হতেই দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, এই বিবাদের জেরেই নবী আলম আনসারিকে খুন করে শেখ সিকান্দার।
পুলিশ শেখ সিকান্দার আলিকে আদালতে পেশ করেছে। এই ঘটনায় আরও কে কে জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ।