হাতির ভয়ের মধ্যে উচ্চমাধ্যমিক! বনকর্তাদের জন্য অগ্নিপরীক্ষা

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, জঙ্গল লাগোয়া এলাকায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এক নতুন চ্যালেঞ্জ হাজির হয়েছে। হাতির ভয়।
পড়ুয়াদের টেনশন তো আছেই, তার উপর হাতির আক্রমণের আশঙ্কা তাদের মনে আরও ভয় ধরিয়ে দিচ্ছে। বনদফতরের জন্যও এই সময়টা অগ্নিপরীক্ষা। পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের কাছে বড় চ্যালেঞ্জ।
শুক্রবার থেকে শুরু হওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলায় হাতির উপদ্রব নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে বনদফতর।
ঝাড়গ্রামের পুকুরিয়ায় পরীক্ষাকেন্দ্রের পেছনের জঙ্গলে হাতির দল দেখা গেলেও, বনদফতরের পক্ষ থেকে পরীক্ষার্থীদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে।
ঝাড়গ্রাম থেকে গোয়ালতোড়ে ঢোকা সাতটি হাতি এবং বাঁকুড়া থেকে গড়বেতায় প্রবেশ করা আটটি হাতি বনদফতরের জন্য চিন্তার কারণ।
হাতিদের থেকে পরীক্ষার্থীদের রক্ষা করতে বনদফতর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
বিশেষ টিম গঠন করা হয়েছে হাতিদের লোকালয়ে প্রবেশে বাধা দেওয়ার জন্য। বন দফতরের কর্মীরা জঙ্গল সংলগ্ন এলাকায় টহল দিচ্ছেন। একাধিক গাড়ি দিয়ে হাতিদের রুখতে চেষ্টা করা হচ্ছে।
পরীক্ষার্থীদের জঙ্গলের রাস্তা এড়িয়ে যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে। বনদফতরের এই সতর্ক পদক্ষেপ গ্রহণের ফলে পরীক্ষার্থীরা কিছুটা আশ্বস্ত বোধ করছেন।