রঞ্জি ট্রফি: শার্দুল-শিবমের দাপট! অসমকে উড়িয়ে দিলেন রাহানেরা

রঞ্জি ট্রফির ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বই, তাদের নিজেদের ডেরায় মাত্র দু’দিনেই তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ অসমকে উড়িয়ে দিয়েছে। শরদ পাওয়ার ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে অসমকে প্রথম ইনিংসে মাত্র ৮৪ রানে অল-আউট করে দেয় মুম্বই।

মুম্বইয়ের জয়ের অন্যতম স্থপতি শার্দুল ঠাকুর। তিনি মাত্র ১০.১ ওভার বল করে ২১ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন। অসমের ব্যাটসম্যানদের কাছে তিনি ছিলেন এক ভয়ঙ্কর হুমকি।

পালটা ব্যাট করতে নেমে মুম্বই তাদের প্রথম ইনিংসে তোলে ২৭২ রান। শিবম দুবে ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১২১ রান করে অপরাজিত থাকেন। ১৪০ বলের আগ্রাসী ইনিংসে তিনি ১১টি চার ও ৫টি ছক্কা মারেন।

প্রথম ইনিংসের নিরিখে ১৮৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে অসম। কিন্তু তারা দ্বিতীয় ইনিংসে মাত্র ১০৮ রানে অল-আউট হয়ে যায়। এক ইনিংস ও ৮০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে মুম্বই।