নিজের ঘর থেকে উদ্ধার ৮ বছরের শিশুর রক্তাক্ত দেহ, সন্দেহের তালিকায় পাড়ার যুবক!

শুক্রবার রাতে হুগলির কোন্নগরের আদর্শনগরে ৮ বছরের শিশু শ্রেয়াংশু শর্মার দেহ নিজের ঘর থেকে উদ্ধার হয়। ঘরে থাকা ভারী জিনিস দিয়ে আঘাত করে খুন করা হয়েছে শিশুটিকে। রান্না ঘরে থাকা ছুরি দিয়ে কোপানো হয়েছে। সন্দেহের তালিকায় রয়েছেন পাড়ারই এক যুবক। শনিবার ঘটনাস্থলে যান চন্দননগরের পুলিশ কমিশনার ও ফরেন্সিক দল।

শ্রেয়াংশুর বাবা পঙ্গজ শর্মা শুক্রবার অফিসে ছিলেন। মা স্থানীয় একটি রেস্তোরাঁয় কাজ করেন। সন্ধ্যায় টিভি দেখছিল শ্রেয়াংশু। হঠাৎ টিভির আওয়াজ বেড়ে যায়, ডাকতে থাকে পোষ্য কুকুর। কিছুক্ষণ পর শিশুটির রক্তাক্ত দেহ উদ্ধার করে তার খুড়তুতো দিদি।

পুলিশ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। নিহত শিশুর বাবা দোষীদের ফাঁসির দাবি জানান। প্রাথমিক তদন্তে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে সন্দেহ উঠেছে। খুনির সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনায় আতঙ্ক ও শোক ছড়িয়েছে আদর্শপাড়ায়। যে ভাবে শিশুটিকে খুন করা হয়েছে তাতে দেখে আঁতকে উঠছেন স্থানীয়রা।