“দেব ওরকম ছেলে নয়”-‘খারাপ’ সময়ে দেবের পাশে দাঁড়ালেন মিঠুন চক্রবর্তী

তৃণমূলের সংসদ সংদস্য ও অভিনেতা দেবকে ফের সমন ইডির। ২১ ফেব্রুয়ারি দিল্লিতে তলব করা হয়েছে তাকে। দেবকে ইডি তলবের ঘটনাকে পুরোটাই প্রতিহিংসার রাজনীতি বলছে তৃণমূল।

অন্যদিকে শুক্রবার সাংবাদিক বৈঠকে এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, ব্যক্তিগতভাবে বলতে পারি দেব ওরকম ছেলে নয়। দেব খুব ভালো মানুষ। বাকিটা দেব বলতে পারবে। এর থেকে বেশি কিছু আর বলার নেই।

রাজনীতির বাইরেও এক স্নেহের সম্পর্ক রয়েছে মিঠুন ও দেবের। ‘প্রজাপতি’ ছবিতেও বাবা ও ছেলের চরিত্রে দুজনের রসায়ন প্রশংসা পেয়েছিল। রাজনীতির উর্ধ্বে গিয়ে সিনেমার বাইরেও মিঠুনকে অভিভাবক হিসেবেই সম্মান করেন দেব। একথা দেব আগেও বহুবার বলেছেন। মিঠুনও দেবকে ছেলের মতো ভালোবাসেন। দেবের প্রতি সেই স্নেহের সুরই শোনা গেল মিঠুনের বক্তব্যে।

জানা গেছে, গরু পাচার মামলায় ঘাটালের তৃণমূল সংসদ সদস্যকে তলব করেছে ইডি। তবে অন্য একটি সূত্রে জানানো হয়েছে, আর্থিক তছরূপ মামলায় তাকে তলব করেছে তদন্তকারী সংস্থা। সব নথি নিয়ে দেবকে দেখা করতে বলা হয়েছে। এ প্রসঙ্গে দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, দেব যেহেতু বলেছে, বিজেপির সামনে ঝুঁকেগা নেহি। তৃণমূলেই থাকবেন। তাই প্রতিহিংসার রাজনীতির শিকার হলেন।

এর আগে গরু পাচার মামলায় দেবকে তলব করেছিল সিবিআই। দীর্ঘ ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এবারও এই সংসদ সদস্য-অভিনেতা হাজিরা দেবেন বলেই জানা গেছে।