অসুস্থ প্রিয়াঙ্কা গান্ধী, হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই কারণে, উত্তর প্রদেশের চণ্ডাউলিতে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাতে তার যোগদান বাতিল করা হয়েছে। প্রিয়াঙ্কা নিজেই এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন।
তিনি লিখেছেন, “ভারত জোড়ো ন্যায় যাত্রা কখন উত্তর প্রদেশে পৌঁছবে তার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। তবে অসুস্থ হয়ে পড়ায় আমি হাসপাতালে ভর্তি হয়েছি। সুস্থ হয়ে উঠলেই আমি এই যাত্রায় যোগদান করব।ততক্ষণ পর্যন্ত ন্যায় যাত্রার সমস্ত যাত্রীদের আগাম শুভেচ্ছা। উত্তর প্রদেশে আমার কর্মী ভাই-বন্ধুরা ইতিমধ্যেই ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছেন।”
উল্লেখ্য, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা শুক্রবার উত্তর প্রদেশে প্রবেশ করবে। বারাণসী থেকে যাত্রা শুরু হওয়ার কথা। ১৯ ফেব্রুয়ারি যাত্রা পৌঁছবে আমেঠি। ২০ তারিখ যাত্রা পৌঁছবে রায়বরেলি। তারপর যাত্রা লখনউতে যাবে।
সম্প্রতি সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কটাক্ষ করে বলেছিলেন, “অনেকে নির্বাচন নিয়ে ভীত, টেনশনে আছেন। কেউ কেউ আসন বদলে ফেলছেন। আবার কেউ কেউ নিম্নকক্ষ ছেড়ে উচ্চকক্ষের জন্য মনোনয়ন জমা দেবেন ঠিক করেছেন।” তার ইঙ্গিত যে সোনিয়া গান্ধীর দিকেই ছিল, সে কথা স্পষ্ট।
রাজনৈতিক কারবারিদের একাংশের অনুমান, সেফ রায়বরেলি আসন এবার মেয়ের জন্য ছেড়ে দিতে চলেছেন সোনিয়া গান্ধী। প্রিয়াঙ্কার লোকসভায় ডেবিউ নিয়ে স্বামী রবার্ট ভঢরা আগেই বড় ইঙ্গিত দিয়েছেন। তাকে লোকসভায় দাঁড় করানো নিয়ে জোরাল সওয়াল করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
প্রিয়াঙ্কার অসুস্থতা কতদিন স্থায়ী হবে এবং তা তার লোকসভা নির্বাচনের পরিকল্পনাকে কতটা প্রভাবিত করবে, তা এখনও স্পষ্ট নয়।