ISRO: আবহাওয়ার আপডেট দেবে ইসরো! ‘দুষ্টু ছেলের’ পিঠে চেপে রওনা দেবে স্যাটেলাইট

ইসরো একের পর এক সফল উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বের দরবারে নিজের জায়গা পাকাপাকি করে নিয়েছে। শনিবার (১৮ নভেম্বর) আবারও বিশ্বকে চমকে দিতে ইনস্যাট থ্রিডিএস (INSAT-3DS) নামে একটি নতুন উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে এই সংস্থা। এই কৃত্রিম উপগ্রহ আবহাওয়ার হালহকিকত জানতে এবং আবহাওয়ার ‘মুড’-এর খবর আগাম পাঠিয়ে দিতে কাজ লাগবে।

‘দুষ্টু ছেলের’ ভ্রমণ

ইনস্যাট-থ্রিডিএস-কে মহাকাশে বহন করে নিয়ে যাবে জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (GSLV) নামে একটি রকেট। রকেটটির ডাকনাম ‘নটি বয়’, যার বাংলা অর্থ ‘দুষ্টু ছেলে’।

কেন এই আজব নাম?

কারণ এই রকেটটির মতিগতি বোঝা আস্ত এক ধাঁধা। একবার নয়, একাধিকবার ‘হোঁচট’ খেয়েছে এই রকেট। রকেটটির মতিগতি বুঝতে রীতিমতো হিমশিম খেয়েছেন ইসরোর বৈজ্ঞানিকরারা৷ তাই আদর করে সেটির নাম রাখা হয়েছে ‘দুষ্টু ছেলে’।

GSLV-এর পারফরম্যান্স

এখনও পর্যন্ত ১৫ বার উৎক্ষেপণের কাজে ব্যবহার করা হয়েছে রকেটটি। তবে ৬টিতে ‘ডাহা ফেল’। ব্যর্থতার হার ৪০ শতাংশ। GSLV-এর শেষ উৎক্ষেপণ, ২৯ মে ২০২৩। সেবার সফল উৎক্ষেপণ সফল হলেও ১২ অগাস্ট ২০২১-এ ব্যর্থ হয়।

‘বড় ভাইয়ের’ পারফরম্যান্স

GSLV-এর ‘বড় ভাই’ লঞ্চ ভেহিকেল মার্ক-৩ বা ‘বাহুবলী’ রকেটটির পারফরম্যান্স অবশ্য ভালো। এখনও পর্যন্ত মহাকাশের পথে সাতবার পাড়ি জমিয়েছে। সাফল্য়ের হার ১০০ শতাংশ। ইসরোর অন্য এক ওয়ার্কহরস রকেট, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV)-এর সাফল্যের হার ৯৫ শতাংশ।

INSAT-3DS-এর কাজ

বিশ্বের পাশাপাশি ভারতেও জয়বায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে। তাই প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ। অনেক সময় দাবানলের খবরও প্রকাশ্যে আসছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনা রুখতে ও আগাম সঠিক তথ্য পেতেই মহাকাশে পাঠানো হচ্ছে INSAT-3DS-কে। কৃত্রিম উপগ্রহটি একদিকে নজর রাখবে জলবায়ুর গতিপ্রকৃতির দিকে। সেই সঙ্গে আগাম দুর্যোগের বার্তা দিতে সাগর, মহাসাগরের উপরও নজরদারি চালাবে।