OMG! রাস্তার যানজট এড়াতে মেয়ের জন্য কোটি টাকা খরচে বিমান ভাড়া করলেন বাবা!

সড়ক পথে প্রায় তিন ঘণ্টার জার্নি। কিন্তু দেরি হলে চলবে না। মেয়েকে ঠিক সময়ে বাড়িতে পৌঁছে দিতে হবে। তাই আস্ত বিমান ভাড়া করলেন বাবা। বিমানে তুলে দিলেন মেয়েকে। তিন ঘণ্টার পথ পাড়ি দিতে লাগল মাত্র ৫০ মিনিট।
ঘটনাটি চীনের আনহুই প্রদেশের। চীনা সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তির নাম ওয়াং। পেশায় একজন ফ্লাইট ইন্সট্রাক্টর। সম্প্রতি লুনার নিউ ইয়ার উৎসব উপলক্ষে মেয়েকে দেশের বাড়িতে পাঠাচ্ছিলেন তিনি। কিন্তু উৎসবের কারণেই রাস্তায় যানজটের সম্ভাবনা ছিল। গাড়ি করে গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যেত। মেয়ের উৎসবের উদ্যাপনে কোনও কমতি থাকুক চাননি বাবা। তাই আস্ত বিমান ভাড়া করেন মেয়ের যাত্রার জন্য।
সাত বছরের মেয়েকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ছোটখাটো বিমান ভাড়া করেছিলেন ওয়াং। তাতে দু’জনের বসার জায়গা ছিল। তিনি জানান, ওই বিমান ভাড়া করতে তার খরচ হয়েছে ১১ লক্ষ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় এক কোটি ৭০ লক্ষ টাকা)। ওই বিমানটি ট্যাঙ্ক ভর্তি জ্বালানিতে ১২০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। বিমান যাত্রার ফলে তার অন্তত দু’ঘণ্টা সময় বেঁচেছে বলেও জানিয়েছেন ওয়াং।
লুনার নিউ ইয়ার নিয়ে চীন জুড়ে উৎসবের মেজাজ। আপনজনের সঙ্গে মিলেমিশে উৎসব পালন করার জন্য বহু মানুষ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাড়ি দিচ্ছেন। রাস্তায় যান চলাচল বেড়ে গিয়েছে। যানজটও হচ্ছে।
সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের তথ্য অনুযায়ী, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে এক দিনে চীন জুড়ে ১৮৭৩টি প্যাসেঞ্জার ট্রেন বাড়তি চালানো হয়েছে। সেই আবহেই মেয়েকে বাড়ি পৌঁছতে বিমান ভাড়া করেছেন ওয়াং।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, আনন্দবাজার