হেলমেট না পরায় আটক, পুলিশের হাত কামড়ে ধরলেন বাইক চালক!

হেলমেট না পরার অভিযোগে আটক বাইকচালক কর্তব্যরত ট্রাফিক পুলিশকে কামড়ে আঘাত করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সোমবার, বেঙ্গালুরু শহরের উইলসন গার্ডেনে হেলমেট না পরার জন্য আটক করা হয় এক বাইকচালককে। বাইকের চাবি খুলে নেওয়ার পর তর্ক জুড়ে দেন বাইকচালক। হঠাৎ করে পুলিশকর্মীর হাতে কামড়ে ধরেন তিনি। ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি করেন অন্য এক ট্রাফিক পুলিশ। পুলিশের হাতে কামড়ে ধরার পরও তর্ক চালিয়ে যান বাইকচালক।
ভিডিওতে দেখা যাচ্ছে, বাইকচালককে বলতে, “আমি হাসপাতাল যাওয়ার জন্য বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছি তাই সঠিকভাবে জামাকাপড় পরে আসিনি।” তার বক্তব্য মোবাইলে রেকর্ড হচ্ছে শুনে মেজাজ দেখিয়ে জানায়, “কোনও যায় আসে না।”
সম্প্রতি বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ বকেয়া জরিমানা বাবদ ৫০ হাজার টাকার বেশি চালান ইস্যু করেছে। ৩০ হাজার টাকা মূল্যের স্কুটারের জন্য ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে এক ব্যক্তির।
হেলমেট বিতর্ক নতুন নয়। বারবার এমন ঘটনা ঘটে যাচ্ছে। ট্রাফিক আইন মেনে চলার জন্য সকলকে সচেতন হতে হবে।