ট্রেনে ক্ষণিকের দেখা, ‘অচেনা’ সুন্দরীর সন্ধানে রেলের দ্বারস্থ যুবক

এক পলকের দেখা, চোখে চোখ রাখা, মনে মনে প্রেমের বীজ বপন। কিন্তু ধাম! নাম, নম্বর, কোনও তথ্যই জানা নেই। ট্রেনের সেই সহযাত্রীকেই জীবনসঙ্গী করার আশায় রেলের কাছে আকুল আবেদন জানালেন এক যুবক।
প্রেম দিবসের আগেও ওই তরুণীর হদিশ মেলেনি। তবে এক না এক দিন ঠিকই পাওয়া যাবে সেই সঙ্গীর সাক্ষাৎ, এই আশাতেই দিন গুনছেন ওই যুবক।
রেলের তরফে ওই যাত্রীকে জানিয়ে দেওয়া হয়েছে ওই মহিলা যাত্রীর নম্বর দেওয়া বা তাঁর বিষয়ে তথ্য দেওয়া কোনওভাবেই সম্ভব নয়। রেল কখনও কোনও যাত্রীর ব্যক্তিগত তথ্য প্রদান করবে না, স্পষ্ট জানিয়ে দেওয়া হল।
যে স্টেশন থেকে ওই মহিলা যাত্রী উঠেছিলেন এবং তিনি নেমেছিলেন সেই দুটি স্টেশনে মাঝে মধ্যেই ছুটির দিনে ছুটে যান ওই যুবক। যদি কোনওভাবে সেই সুন্দরীর দেখা মেলে। কিন্তু, বারবার ট্রেনসফর করলেও মেলেনি দেখা।
মাস দুয়েক আগে দূরপাল্লার ট্রেনে সফর করেছিলেন ওই যুবক। একই কোচে ছিলেন সহযাত্রী ওই মহিলা। তবে তিনি নেমে গিয়েছিলেন তার গন্তব্য স্টেশনে। প্রায় দু’মাস ধরে ওই যাত্রীর সন্ধান চালিয়েও তিনি পাননি বলে জানা গিয়েছে।
এই আশা যাওয়ার মাঝে কোনওভাবে কী দেখা হতে পারে তাঁদের? এই আশা নিয়ে ট্রেন সফর করেন ওই যাত্রী।
হবে কি এই প্রেমের পরিণতি? হবে কি মিলন? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে ভালোবাসার টানে ট্রেনে ট্রেনে ছুটে বেড়ানো এই যুবকের আন্তরিকতা স্পর্শ করে গেছে অনেকেরই হৃদয়।