“৩৪ বছর ইংরেজি না পড়া অফিসারদের ট্রেনিং দিতে হচ্ছে!”- মমতার নিশানায় বামফ্রন্ট

রবিবার (১২ ফেব্রুয়ারি) ভবানীপুর মর্ডান স্কুলের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজি শিক্ষা নিয়ে পূর্বতন বাম সরকারকে সমালোচনা করেন। তিনি বলেন, “৩৪ বছর ধরে একদমই ইংরেজি না পড়ে, যাঁরা আজ বড় জায়গায় কাজ করছে, তাঁরা ইংরেজিতে ভালো ড্রাফট করতে পারে না।”
মমতার এই মন্তব্যের পর সিপিএম নেতা রবীন দে প্রশ্ন তোলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় তো ইংরেজি শিক্ষা ছিল, তাহলে তিনি যে ইংরেজি বলেন, সেটা ঠিক আছে তো? ৩৪ বছরে এরকম অনেকে আছে, যাঁরা ইংরেজিতে টপার হয়েছেন, এমনকী সর্বভারতীয়স্তরেও। এসব কথার কোনও মানে নেই। ওঁর দলে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়েছেন, সে তো বামফ্রন্টের প্রোডাক্ট। ওঁকে জিজ্ঞাসা করুন না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইংরেজি জানে কি?”
প্রসঙ্গত, মাস খানেক আগেও একটি অনুষ্ঠানে বামফ্রন্ট আমলের শিক্ষা ব্যবস্থা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় তিনি বলেন, “অনেকে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে অবজ্ঞা করেন, বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা ভালো ইংরেজি বলতে না পারলে অবহেলা করা হয়, বাম আমলে ইংরেজি শিক্ষা তুলে দেওয়া হয়েছিল, আমরা এসে চালু করেছি।”
ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ করতে দেখা গিয়েছে রাজ্য সরকারকে। একইসঙ্গে ছেলেমেয়েদের জীবনে প্রতিষ্ঠিত করতে, বিভিন্ন ধরণের ট্রেনিংয়েরও ব্যবস্থা হয়েছে। যার ফলে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পথে আরও অনেকটা এগিয়ে যেতে পারছেন এই রাজ্যের ছেলেমেয়েরা।