KMC: ‘ফ্ল্যাটে বসবাসকারী প্রত্যেকের ছাদের অধিকার সমান’, সাফ নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ

উত্তর কলকাতার পাইক পাড়ার এক বাসিন্দার ফোন কলের প্রেক্ষিতে মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করেছেন যে, কোনও আবাসনে বসবাসকারী প্রত্যেকেরই ছাদের অধিকার সমান।

কেএমসি-র এক আধিকারিক জানিয়েছেন, যাঁদের কাছে ছাদের একাংশের নিজস্ব মালিকানা রয়েছে, তাঁদের থেকে অতিরিক্ত কর আদায় করা হয়েছে। তবে এটা তখনই করা হয়েছে, যখন ফ্ল্যাটের দলিলে এটা লেখা থেকেছে যে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ওই আবাসনের ছাদ বা ছাদের একটি অংশের মালিকানা রয়েছে।

মেয়র বলেছেন, ‘অনুগ্রহ করে বিল্ডিং পারমিটে এই কথাটি উল্লেখ করুন যে ছাদের অধিকার সবার এবং প্রত্যেকেরই সেগুলি ব্যবহারে সক্ষম হওয়া উচিত।’

এই প্রসঙ্গে ফিরহাদ হাকিমের মত, কোনও একটি ফ্ল্যাটের মালিককে একটি টেরেসের মালিকানা দেওয়া হলে অগ্নিকাণ্ড বা অন্য কোনও জরুরি পরিস্থিতিতে মানুষকে উদ্ধার করার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে।

পাইকপাড়ার রাজা মণীন্দ্র রোডের এক বাসিন্দা মেয়রকে জানান, ক্রয় চুক্তিতে ছাদের ওপর তাঁর অধিকার রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।মেয়র তাকে থানায় অভিযোগ করতে বলেন এবং তাঁর পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেন।মেয়র কেএমসির বিল্ডিং বিভাগের চিফ ইঞ্জিনিয়রকে ছাদের অধিকার সবার জন্য, সেই বিষয়টি এখন থেকে বিল্ডিং পারমিটে উল্লেখ করার নির্দেশ দেন।

২০০৯ সালের আইন বলছে, ‘যে কোনও বিল্ডিংয়ের সর্বোচ্চ তলায় প্রতিটি ছাদে একটি সাধারণ প্রবেশাধিকার থাকবে এবং তার কোনও উপবিভাগ করা হবে না।’
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিচার বিভাগীয় ঘোষণাও এসেছে, যেগুলিতে বলা হয়েছে বহু-মালিকানার অ্যাপার্টমেন্টে ছাদ একটি সাধারণ অধিকার।

এই ঘোষণার ফলে
কলকাতার বহুতলের বাসিন্দারা ছাদের অধিকার নিয়ে আশাবাদী হয়েছেন।ভবিষ্যতে ছাদের অধিকার নিয়ে বিতর্ক কমে আসবে বলে আশা করা হচ্ছে।