“সারা জীবন রাজনীতি করতে চাই”,-রাজনীতি নিয়ে অবস্থান স্পষ্ট দেবের

গত কয়েকদিন ধরে রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করলেন সাংসদ তথা অভিনেতা দেব। তিনি জানালেন, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে চিরকালই রাজনীতি করতে চান।

দেবের রাজনৈতিক অবস্থান স্পষ্ট: ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য তিনি রাজনীতিতে থাকতে চান
গত কয়েকদিন ধরে দেবের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে অনেক জলঘোলা ঘটেছে।

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও অভিনেতা দেব শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।তিনি বলেছেন যে তিনি তৃণমূল কংগ্রেসেই থাকবেন এবং ঘাটাল থেকে আবার নির্বাচনে লড়াই করবেন।দেবের এই বক্তব্য রাজনৈতিকমহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দেব বলেন, ‘আমার তো নিজের পার্টি নয়। অবশ্যই ভেবেছিলাম যে আমি এবার দাঁড়াব না, এটা পরিষ্কার। আজকের দিনে দাঁড়িয়ে যাঁরা পদের জন্য লড়াই করছেন, কেউ বান্ধবীর জন্য, কেউ বাবার জন্য, কেউ তাঁর ছেলের জন্য, আমি দিদিকেও বলেছিলাম এবং অভিষেককেও বললাম, আমি গত ১০ বছরে এমন কোনও কাজ করিনি, যাতে আমার দলের নাম খারাপ হয়, অন্তত আমার জন্য। আমার জন্য যাতে দলের নাম খারাপ না হয়। আমি যদি চলে যাই, দলের কোথাও যদি খারাপ হয়ে থাকে, তাহলে আমি দলের হয়ে প্রচারটা করব। প্রতিটা দলে এরকম কর্মী থাকে, যারা মিটিংয়ে যায়, সমাবেশে যায়, ব্রিগেডে যায়, ২১ জুলাইতে যায়, কিন্তু তারা কোনওদিন সম্মান পায় না, পদ পায় না। আমি বলেছিলাম, আমি তাদের মধ্যে একজন হতে চাই।’

দেব আরও বলেন, ‘অভিষেক ও দিদি, আমাকে এমন একটি প্রস্তাব দেন ঘাটালের মানুষের জন্য, ঘাটালের গত ৬০-৭০ বছরের স্বপ্ন, মনে হল কী, এইটার জন্য আমি সারা জীবন রাজনীতি করতে চাই। আমায় এমন কিছু কথা বলা হল, এমন কিছু প্রমিস করা হল, যেটা আমি বলব না, হয়ত দিদি মঞ্চ থেকে বলবেন, পরবর্তী কালে অভিষেক যখন ঘাটালে যাবেন তিনিও বলবেন, আমার মনে হয় ঘাটালের ৭০ বছরের স্বপ্ন এবার কোথাও যেন সত্যি হতে চলেছে, রাজ্য সরকারে হাত ধরে, দিদির হাত ধরে।’