‘দলের অন্দরে খুশি নন প্রিয়াঙ্কা গান্ধী!’ বিস্ফোরক আচার্য প্রমোদ কৃষ্ণম

কংগ্রেস থেকে ছয় বছরের জন্য বহিষ্কৃত হওয়ার পর তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন আধ্যাত্মিক গুরু আচার্য প্রমোদ কৃষ্ণম। তিনি দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন।

আচার্য প্রমোদ কৃষ্ণম দাবি করেছেন যে প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসে যোগ্য মর্যাদা পাচ্ছেন না। তিনি বলেন, “কংগ্রেস যখন তাঁকে সাধারণ সম্পাদক করে উত্তর প্রদেশে পাঠাল, কোনও পোর্টফোলিও দেওয়া হয়নি। প্রিয়াঙ্কা মোটেও খুশি ছিলেন না।” তিনি আরও বলেন, “আমাদের প্রেসিডেন্ট পদ রাবার স্ট্যাম্পের মতো। মল্লিকার্জুন খাড়গের কোনও ক্ষমতা নেই। সচিন পাইলটও দলে অসম্মানিত। ভগবান শিবের মতো তিনি বিষ পান করে চলেছেন।”

আচার্য প্রমোদ কৃষ্ণম বলেন, “ভগবান রামের নাম নেওয়া দলবিরোধী কাজ? মল্লিকার্জুন খাড়গে, কে সি বেণুগোপাল উত্তর দিক। আমি কংগ্রেসের চাকর নই। মহাত্মা গান্ধী রাম রাজ্যের স্বপ্ন দেখেছিলেন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই স্বপ্ন পূরণ করেছেন। তাই আমি তাঁকে সমর্থন জানিয়েছি।”

আচার্য প্রমোদ কৃষ্ণম বলেন, “অনেক আগে নিজেই দল ছেড়ে দিতাম। কিন্তু, রাজীব গান্ধীকে কথা দিয়েছিলাম, বিশ্বাসঘাতকতা করব না। কংগ্রেসের উঁচু পদে যিনি আছেন তিনি জানেন না কী ভাবে প্রবীণদের শ্রদ্ধা জানাতে হয়।”
তিনি আরও বলেন, “এত বড় বড় নেতারা যখন সম্মান পেলেন না, তখন রাহুল গান্ধী আমায় কেনই বা অপমান করবেন না।”

আচার্য প্রমোদ কৃষ্ণম কংগ্রেসকে ধন্যবাদ জানিয়েছেন তাঁকে বহিষ্কার করার জন্য। তিনি বলেন, “আজীবন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবে।”

উল্লেখ্য, রবিবার রাতেই দল থেকে ছয় বছররের জন্য আচার্য প্রমোদ কৃষ্ণমকে বহিষ্কার করে কংগ্রেস। রাম মন্দিরের আমন্ত্রণপত্র ফেরানোয় দলের সমালোচনা করেছিলেন তিনি।