SPORTS: ফুটবলে লাল-হলুদের পর এবার নীল কার্ড! জেনেনিন এই কার্ডের কি শাস্তি?

ফুটবলে নিয়ম ভাঙলে লাল বা হলুদ নয়, রেফারিরা দেখাতে পারেন নীল কার্ডও। নতুন এমনই এক নিয়ম আসতে চলেছে ফুটবলে। আন্তর্জাতিক ফুটবল সংস্থা (আইএসএবি) কিছুদিনের মধ্যেই এই নিয়মের ঘোষণা করতে পারে। শুরুতে এফএ কাপে দেখা যেতে পারে নীল কার্ড।
‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, কোনো ফুটবলারকে নীল কার্ড দেখানো হলে তাকে ১০ মিনিটের জন্য মাঠের বাইরে বসতে হবে। কোনো ফুটবলার যদি দু’টি নীল কার্ড দেখেন, তাহলে তাকে মাঠের বাইরে চলে যেতে হবে।

একটি নীল এবং একটি হলুদ কার্ড দেখলেও একই শাস্তি হবে। বড় কোনো প্রতিযোগিতায় নীল কার্ড ব্যবহার করার আগে এফএ কাপে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। পুরুষ এবং মহিলা দু’ধরনের এফএ কাপেই এই কার্ড ব্যবহার করা হতে পারে।

ওয়েলসের তৃণমূল স্তরের ফুটবলে এরই মধ্যে নীল কার্ড ব্যবহার শুরু হয়েছে। লাল এবং হলুদ রঙের মধ্য থেকে একদম আলাদা একটি রং হিসাবে নীলকে বেছে নেয়া হয়েছে।

এর আগে গত বছর জানুয়ারি মাসে একটি ম্যাচে সাদা কার্ড দেখিয়েছিলেন রেফারি। পর্তুগিজ মহিলা রেফারি ক্যাটারিনা ক্যাম্পোস সাদা কার্ড দেখিয়েছিলেন। ফেয়ার প্লে-র প্রতীক হিসাবে এই কার্ড ব্যবহার করেছিলেন তিনি।

দু’দলের মেডিক্যাল স্টাফদের ভূমিকার প্রশংসা করার জন্য রেফারি পকেট থেকে সাদা কার্ড বের করে সেটি মেডিক্যাল স্টাফদের দেখিয়েছিলেন। ক্যাম্পোস বলেছিলেন, ফুটবলের মূল্যবোধ বাড়াতেই তিনি এই কাজ করেছিলেন।