যোগ্যশ্রী প্রকল্পে এবার অংশ নিতে পারবেন সাধারণ শ্রেণীর পড়ুয়ারাও, বড় ঘোষণা মমতার

যোগ্যশ্রী প্রকল্প এখন শুধুমাত্র তফসিলি জাতি, উপজাতি এবং আদিবাসী পড়ুয়াদের জন্য নয়, সাধারণ শ্রেণীর পড়ুয়ারাও এর সুবিধা পাবে। মুখ্যসচিবকে আরও ৫০টি যোগ্যশ্রী কেন্দ্র খোলার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জ্বরে ভুগছেন, তবুও তিনি হাওড়ার প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন এবং বড় ঘোষণা করেছেন।
রাজ্যের পড়ুয়া, যারা আইএএস, আইপিএস, চিকিৎসক, ডব্লুবিসিএস, ডব্লুবিপিএস, ইঞ্জিনিয়ার, শিক্ষক হতে চান, তাদের লক্ষ্য পূরণে সহায়তা করার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ সেন্টার স্থাপন করা হচ্ছে। প্রশিক্ষণের জন্য আবেদনকারীদের একটি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মুখ্যমন্ত্রী বলেছেন, “একটা পদক্ষেপ নিয়ে ছিলাম তফসিলি জাতি এবং উপজাতির পড়ুয়াদের জন্য। বিভিন্ন সরকারি পরীক্ষায় বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হল। ‘যোগ্যশ্রী’ প্রকল্পে এবার জেনারেল বা সাধারণ পড়ুয়াদের অন্তর্ভুক্তি করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমি একবার কথা দিয়ে দিলে প্রোগ্রাম ক্যানসেল করি না। কাল আবার বাজেট আছে।”
এই ঘোষণা রাজ্যের সাধারণ শ্রেণীর পড়ুয়া, যারা সরকারি চাকরির পরীক্ষায় প্রতিযোগিতা করতে চান, তাদের জন্য একটি বড় সুযোগ।