লোকসভায় লকেটকে পছন্দ না! হুগলিতে ছেয়ে গেছে পোস্টার, ‘চক্রান্ত’ বলছে বিজেপি

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে ব্যস্ত প্রত্যেক রাজনৈতিক দল। এর মধ্যে হুগলি আসন বেশ গুরুত্বপূর্ণ বিজেপির জন্য। কিন্তু বর্তমান সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে দলের অভ্যন্তরেই বিতর্ক শুরু হয়েছে।
লকেট বিরোধী পোস্টার
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী হিসেবে চাপিয়ে দেওয়ার বিরোধিতায় পোস্টার দেখা গেছে। পোস্টারে লেখা, “কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন, বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।”
তৃণমূলের প্রতিক্রিয়া
এই ঘটনায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, “বাংলায় ৪২ টি আসন তৃণমূল জিতবে। লকেট কোথায় পালাবে, বিধানসভায় হেরেছে আমার কাছে। আর এখানে দাঁড়ালে পাঁচ লাখ ভোটে হারবে। তাই ভয়ে পালাচ্ছে শ্রীরামপুর।”
বিজেপির বক্তব্য
শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মোহন আদক বলেন, “এটা সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত তৃণমূলের। যেহেতু চোরদের সরকার হয়ে দাঁড়িয়েছে এবং দুর্নীতিতে ভরে গিয়েছে, তাই তার থেকে দৃষ্টি ঘোরাতে লকেটের নামে শ্রীরামপুরে পোস্টার ফেলা হয়েছে।” তিনি আরও বলেন, “লকেট হুগলি থেকেই পুনরায় জিতে আসবেন এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। শ্রীরামপুর লোকসভা এলাকায় যে পোস্টার দেওয়া হয়েছে সেটা বিভ্রান্তিমূলক, এটা তৃণমূলের চক্রান্ত।”