SPORTS: ‘আমরা স্পিনিং ট্র্যাক চাই না’, নাম না করে সৌরভকে সপাট জবাব দিলেন দ্রাবিড়?

ভারতীয় ক্রিকেটে পিচ সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। হায়দরাবাদ টেস্টে হারের পর স্পিনিং ট্র্যাক নিয়ে বিতর্ক শুরু হলেও ভাইজাগ টেস্টে ভারতের জয়ের পর সেই বিতর্ক থেমেছিল। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্পিনিং ট্র্যাকের বিরোধিতা এবং রাহুল দ্রাবিড়ের পাল্টা প্রতিক্রিয়া বিতর্কের আঁচ আবার জ্বালাতে শুরু করেছে।

সৌরভ কী বলেছেন?

ভাইজাগ টেস্টের পর সৌরভ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, বুমরাহ, সামি, সিরাজ, মুকেশের মতো পেসারদের থাকাকালীন র‌্যাঙ্ক টার্নার তৈরির দরকার কী? ভালো উইকেটে ভারত ৫ দিনে টেস্ট জেতার ক্ষমতা রাখে বলেও মন্তব্য করেন তিনি। গত ৬-৭ বছর ধরে খারাপ পিচের কারণেই ভারতের ব্যাটিং মান নিচে নেমেছে বলেও দাবি করেন সৌরভ।

রাহুল দ্রাবিড়ের পাল্টা প্রতিক্রিয়া

ভাইজাগ ম্যাচের পর সাংবাদিক বৈঠকে রাহুল দ্রাবিড় পিচ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘কিউরেটররা পিচ তৈরি করেন। আমরা কখনোই র‌্যাঙ্ক টার্নার চাই না।’ ভারতীয় পিচে স্পিন থাকলেও কতটা স্পিন করবে, কতটা কম স্পিন করবে, সেটা নিয়ে দ্রাবিড় অনিশ্চিত। তিনি চান ভারতীয় পিচে চার বা পাঁচদিন ধরে ম্যাচ চলুক, কিন্তু স্পিনের পরিমাণ নিয়ে দ্রাবিড় ‘দিশাহীন’ বলে মন্তব্য করেন।